বিজ্ঞাপন
মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম
বিজ্ঞাপন
আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ২১ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার বিদায়ী ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। সেই সঙ্গে কৌতূহল—মেসির শেষ ম্যাচে লিওনেল স্কালোনি কেমন একাদশ নিয়ে মাঠে নামবেন?
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির পাশাপাশি জাতীয় দলের হয়ে তার দীর্ঘ যাত্রার পরিচিত কয়েকজন সতীর্থকেও শুরু থেকেই মাঠে রাখার পরিকল্পনা রয়েছে স্কালোনির। বেনিনের বিপক্ষে সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেসকে। তবে শেষ অনুশীলনে স্কালোনি অবশ্য কোনো নির্দিষ্ট একাদশ নিয়ে অনুশীলন করাননি।
গোলবারের দায়িত্বে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগের ডান দিকে আগুস্তিন জিয়াইয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। নাহুয়েল মোলিনা নিষেধাজ্ঞায় থাকায় এবং গনসালো মন্টিয়েল দলে না থাকায় এই পজিশনে জিয়াই এগিয়ে রয়েছেন।
সেন্টারব্যাক জুটিতে ক্রিস্টিয়ান রোমেরোর থাকা প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে। তার সঙ্গে কে খেলবেন, সেটিই কিছুটা অনিশ্চিত। টিওয়াইসি স্পোর্টস সম্ভাব্য একাদশে লিসান্দ্রো মার্তিনেজকে রেখেছে। তবে ওলে ও ইনফোবায়ে তাদের সর্বশেষ প্রতিবেদনে নিকোলাস ওতামেন্দিকে এগিয়ে রেখেছে।
মেসির মতো ওতামেন্দিও আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলতে যাচ্ছেন। তাই তাকে শুরু থেকেই মাঠে রাখার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো।
লেফটব্যাক হিসেবে নিকোলাস তাগলিয়াফিকোর খেলার সম্ভাবনা বেশি। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ফাকুন্দো মেদিনাকে।
মাঝমাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনার পরিচিত ত্রয়ীকে। রদ্রিগো দি পলের সঙ্গে খেলবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আগের দুটি প্রীতি ম্যাচে না থাকলেও মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষভাবে দলে ফিরেছেন দি পল। একইভাবে জিওভানি লো সেলসোকেও দলে নেওয়া হয়েছে। তবে সম্ভাব্য একাদশে আপাতত দি পলই এগিয়ে।
আক্রমণভাগে মেসিকে ঘিরে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেসকে খেলানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ৪-৩-৩ ফরমেশনে মেসি, লাউতারো ও হুলিয়ানকে নিয়ে গড়া হতে পারে আর্জেন্টিনার আক্রমণত্রয়ী। টিওয়াইসি স্পোর্টস, ওলে ও ইনফোবায়ে—তিন সংবাদমাধ্যমের সম্ভাব্য একাদশেই এই তিন ফরোয়ার্ডকে রাখা হয়েছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এমিলিয়ানো মার্তিনেজ, আগুস্তিন জিয়াই, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেস।