বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায়ের সমাপ্তি মানে এজক দীর্ঘ মহাকাব্যের শেষ পৃষ্ঠা। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১০৫ গোল করেছেন তিনি। ক্যারিয়ারের সম্ভাব্য সকল পুরস্কার এবং শিরোপাই জিতেছেন তিনি। এই পরিসংখ্যানই এই মেসির ক্যারিয়ারের সাফল্যের সাক্ষ্য দেয়।
অথচ লিওনেল মেসির শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। লাল কার্ড, সমালোচনা, হতাশা, একের পর এক টুর্নামেন্টের ফাইনালে হার এবং একপর্যায়ে অবসরের ঘোষণাও দিতে হয়েছিল তাকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত একাধিক আন্তর্জাতিক ট্রফি জিতে নিজের গল্পকে দিয়েছেন ভিন্ন মাত্রা।
একনজরে দেখে নেওয়া যাক মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের আলোচিত সকল বিষয়:
২০০৫: অভিষেকেই দুঃস্বপ্ন
আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচেই কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হন মেসি। হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচে ভিলমোস ভানচাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তরুণ মেসিকে চোখের পানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অধ্যায়ই শুরু হয় হতাশা দিয়ে।
২০০৬: বিশ্বকাপে প্রথম ঝলক
সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিষেকে মেসি নিজের প্রতিভার পরিচয় দেন। ম্যাচে আর্জেন্টিনা ৬-০ গোলের বড় জয় পায়। তবে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় তারা। ম্যাচের অতিরিক্ত সময়ে মেসিকে মাঠে না নামানোয় সেসময় কোচ হোসে পেকেরমানও সমালোচনার মুখে পড়েন।
২০০৭: প্রথম ফাইনাল, প্রথম হতাশা
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বড় ফাইনালেই আসে পরাজয়। দলের অভিজ্ঞ তারকাদের পাশে তখনও নিজেকে প্রতিষ্ঠার পথে থাকা মেসিকেও সমালোচনার মুখে পড়তে হয়।
২০১০: প্রত্যাশার চাপ
দিয়েগো মারাদোনার অধীনে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মেসিকে ঘিরে ছিল বড় প্রত্যাশা। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলের হারে টুর্নামেন্ট শেষ হয় আর্জেন্টিনার। এ বিশ্বকাপে মেসি কোনো গোল করতে না পারায় তার পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে সমালোচনা আরও তীব্র হয়।
২০১১: ঘরের মাঠেও ব্যর্থতা
নিজেদের মাটিতে কোপা আমেরিকাতেও সাফল্য পায়নি আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় আলবেসেলেস্তেরা। এরপর মেসির জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা আরও বাড়তে থাকে। ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের বিপরীতে দেশের হয়ে কেন একই ধারাবাহিকতা দেখা যাচ্ছে না, সেই প্রশ্ন উঠতে থাকে।
২০১৪: বিশ্বকাপের খুব কাছে
ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল জার্মানি। অতিরিক্ত সময়ে গোল হজম করে ম্যাচটি হেরে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও একবার ভেঙে যায় মেসির।
২০১৫: চিলির কাছে টাইব্রেকার হার
কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোল করতে পারেনি কোনো দল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর এখানেই সমর্থকদের হতাশ করেন মেসি। ফলে তাকে ঘিরে সমালোচনাও বাড়তে থাকে। জাতীয় দলের নেতৃত্বে তিনি প্রত্যাশা পূরণ করতে পারছেন না—এমন কথাও শোনা যায়।
২০১৬: অবসরের ঘোষণা
কোপা আমেরিকা সেন্টেনারিওর ফাইনালেও আর্জেন্টিনার সামনে ছিল চিলি। ফলও প্রায় একই—টাইব্রেকারে পরাজয়। শুটআউটে নিজের পেনাল্টি মিস করার পর মানসিকভাবে ভেঙে পড়েন মেসি। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। সেই মুহূর্তে মনে হয়েছিল, জাতীয় দলের জার্সিতে হয়তো আর দেখা যাবে না তাকে। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
২০১৮: প্রত্যাবর্তন, কিন্তু ট্রফি নয়
অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে আবার আর্জেন্টিনা দলে ফেরেন মেসি। রাশিয়া বিশ্বকাপেও অবশ্য সাফল্যের দেখা মেলেনি। শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে যায় আর্জেন্টিনা। কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্সে শেষ হয় তাদের অভিযান। মেসির সামনে তখনও অমীমাংসিত ছিল একটি বড় প্রশ্ন—জাতীয় দলের হয়ে কি কখনো শিরোপা জিততে পারবেন তিনি?
২০১৯: হতাশার আরেক অধ্যায়
কোপা আমেরিকায় মেসি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। কিন্তু সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে যায় আর্জেন্টিনা। আন্তর্জাতিক ক্যারিয়ারে বারবার সাফল্যের কাছাকাছি গিয়েও ট্রফি না পাওয়ার হতাশা তখন আরও প্রকট হয়ে ওঠে।
২০২১: যে বছর বদলে যায় সবকিছু
এরপর আসে মেসির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর দল হিসেবে গড়ে ওঠে। কোপা আমেরিকার ফাইনালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা।
মেসিও পান জাতীয় দলের হয়ে নিজের প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। এরপর ওয়েম্বলিতে ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জেতে আর্জেন্টিনা। ধীরে ধীরে মেসির জাতীয় দলের গল্পে ব্যর্থতার জায়গা নিতে শুরু করে সাফল্য।
২০২২: বিশ্বকাপ জয়েই পূর্ণতা
কাতার বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হয়ে ওঠে। দুর্দান্ত পারফরম্যান্সের পর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।
এই সাফল্যের মধ্য দিয়ে মেসির ক্যারিয়ারে যেন অপূর্ণতার আর কোনো জায়গা রইল না। একসময় জাতীয় দলের হয়ে ট্রফি জিততে না পারার কারণে যিনি সমালোচিত হয়েছেন, তিনিই শেষ পর্যন্ত দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে ইতিহাসে নিজের জায়গা করে নেন।
২০২৪: আবার কোপা আমেরিকা জয়
বিশ্বকাপের পরও সাফল্যের ধারায় ছেদ পড়েনি। ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে আরও একটি আন্তর্জাতিক শিরোপা জেতে আর্জেন্টিনা।
এই পর্যায়ে মেসি আর কেবল দলের অধিনায়ক ছিলেন না; তিনি হয়ে ওঠেন আর্জেন্টিনার একটি ফুটবল-যুগের প্রতীক। দীর্ঘদিনের হতাশার পর তার নেতৃত্বেই দলটি ধারাবাহিক সাফল্যের মুখ দেখে।
২০২৬: শেষ অধ্যায়েও ইতিহাস
৩৯ বছর বয়সে মেসি খেলেন আরও একটি বিশ্বকাপ। এটি ছিল তার ষষ্ঠ বিশ্বকাপ। এ বিশ্বকাপেও একক নৈপুন্যে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যান মেসি। তবে শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার।
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির পুরো যাত্রাটি এক অনুপ্রেরণার গল্পের মতো। অভিষেকের লাল কার্ড থেকে শুরু করে সমালোচনা, একের পর এক ফাইনালে হার, অবসরের ঘোষণা, প্রত্যাবর্তন এবং শেষ পর্যন্ত কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ একাধিক শিরোপা জয়-সবকিছুই তার ক্যারিয়ারকে নিয়ে গেছে এক অন্য মাত্রায়।
আর্জেন্টিনার জার্সিতে মেসির গল্প তাই শুধু গোল কিংবা ট্রফির হিসাব নয়। এটি ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানো, দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ এবং শেষ পর্যন্ত নিজেকে জাতীয় দলের ইতিহাসের অন্যতম বড় কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করার গল্প।