Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে রাদারফোর্ড আউট, তুমুল বিতর্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম

বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে রাদারফোর্ড আউট, তুমুল বিতর্ক

বিজ্ঞাপন

ভারত–ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডেতে শেরফান রাদারফোর্ডের আউট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ডিআরএসের আলট্রাএজে স্পাইক দেখা গেলেও সেটি বল ব্যাটে লাগার কারণে হয়েছিল, নাকি ব্যাট ও প্যাডের সংস্পর্শে তৈরি হয়েছিল—মূল প্রশ্ন উঠেছে তা নিয়েই। যদিও শেষ পর্যন্ত মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন বাংলাদেশের তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

তবে ম্যাচের ফলাফলে এই বিতর্কের প্রভাব পড়েনি। পাঞ্জাবে ৩৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে শেষ করেছে সফরকারীরা।

ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩০তম ওভারের শেষ বলে। নামান ধীরের করা বল অফ সাইডে খেলতে চেয়েছিলেন রাদারফোর্ড। বলটি তার ব্যাটের পাশ দিয়ে গিয়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভসে জমা পড়ে। ভারতের খেলোয়াড়দের আবেদনের পর মাঠের আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন।

সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন রাদারফোর্ড। রিপ্লেতে আলট্রাএজে বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় একটি স্পাইক দেখা যায়। কিন্তু একই মুহূর্তে রাদারফোর্ডের ব্যাটও প্যাডের সঙ্গে স্পর্শ করছিল। ফলে স্পাইকটির উৎস নিয়ে তৈরি হয় সংশয়।

ধীরগতির রিপ্লেতে ব্যাট ও বলের মধ্যে সামান্য ফাঁক দেখা গেছে বলে মত দেন কয়েকজন বিশ্লেষক। তবে তৃতীয় আম্পায়ার সৈকত আলট্রাএজের সংকেতকে ব্যাটে বল লাগার প্রমাণ হিসেবে বিবেচনা করেন। এরপর মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।

ফলে ২৫ বলে ২৪ রান করে মাঠ ছাড়তে হয় রাদারফোর্ডকে। সিদ্ধান্ত ঘোষণার পর আম্পায়ারের সঙ্গে নিজের অসন্তোষের কথা জানান ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। তাঁর দাবি ছিল, বল তার ব্যাটে স্পর্শ করেনি।

ম্যাচ শেষ হওয়ার পরও অবশ্য বিতর্ক থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধান্তটি নিয়ে নানা আলোচনা শুরু হয়। সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও রাদারফোর্ডকে নট আউট দেওয়ার পক্ষে মত দেন। তার মতে, আলট্রাএজে দেখা স্পাইকটি ব্যাট ও প্যাডের সংস্পর্শ থেকেই তৈরি হয়ে থাকতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার