বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রথম এশিয়ান গেমসে শেষটা জয় দিয়েই রাঙাল বাংলাদেশের নারী হকি দল। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আর এতে নবম স্থান নিশ্চিত করে টুর্নামেন্ট শেষ করেছে বাংলার মেয়েরা।
শুক্রবার (০২ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে বাংলাদেশ। ১০ মিনিটে আইরিন আক্তার রিয়ার ফিল্ড গোল সেই সুযোগকে সাফল্যে পরিণত করে। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র বদলে যায়। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে যেতে হয় বাংলাদেশের লিমা আক্তারকে। এক খেলোয়াড় কম নিয়ে খেলতে থাকা বাংলাদেশের ওপর চাপ বাড়ায় সিঙ্গাপুর। এর দুই মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান তৌ লি মিন।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণে হয় পেনাল্টি শুটআউট। সেখানে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পেছনে ফেলে জয় তুলে নেয় বাংলাদেশ।