Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, জানালেন স্কালোনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, জানালেন স্কালোনি

বিজ্ঞাপন

লিওনেল মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে দেখা যাবে না আর কাউকে। অধিনায়কের শেষ ম্যাচ পর্যন্ত ঐতিহাসিক নম্বরটি খালি রাখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসির বিদায়ের পরই ঠিক করা হবে তার উত্তরসূরি।

আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি। তার আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচে কোনো খেলোয়াড়কেই ১০ নম্বর দেওয়া হবে না।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘এই ম্যাচগুলোতে কাউকে ১০ নম্বর দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর ম্যাচের আগে আমরা কাউকে এটি দেব না। এরপর দেখব, কাকে দেওয়া যায়।’

তবে মেসির পর কে হবেন আর্জেন্টিনার নতুন ‘১০’, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। স্কালোনি জানিয়েছেন, ভবিষ্যতে একজন খেলোয়াড়ের কাছেই স্থায়ীভাবে এই জার্সি দেখতে চান তিনি।

‘বাছাইপর্বে একই খেলোয়াড়কে সবসময় এই নম্বর পরতেই হবে, এমন নয়। তবে আমাদের ভাবনা হচ্ছে একজনই এটি রাখবে। কারণ এই জার্সি পরার সঙ্গে অনেক সুন্দর ব্যাপার জড়িয়ে আছে। এখনো আমরা কাউকে ঠিক করিনি,’ বলেন আর্জেন্টিনা কোচ।

মেসির অনুপস্থিতিতে স্কালোনির সময়ে একাধিক ফুটবলার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছেন। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে মেসি না থাকায় ১০ নম্বর পরেছিলেন তিনি। এর আগে অ্যাঞ্জেল কোরেয়া ও পাওলো দিবালাকেও এই জার্সিতে দেখা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার