বিজ্ঞাপন
সাকিব ভাই ও আমি যে যার মতো, তুলনা করা উচিত নয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ এএম
বিজ্ঞাপন
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাইপর্বের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
এ সময় জুনিয়র ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক শাওন মিরাজকে প্রশ্ন করেন, সবাই সাকিব আল হাসানের মতো হতে চায়, কিন্তু মেহেদী হাসান মিরাজ হতে হলে কী করতে হবে?
জবাবে মিরাজ বলেন, প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব পরিচয় ও প্রতিভা রয়েছে। তাই অন্য কারও মতো হওয়ার চেষ্টা না করে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
মিরাজ বলেন, সাকিব তার নিজের জায়গায় অনন্য, তিনিও নিজের মতো। একইভাবে তরুণ ক্রিকেটারদেরও নিজেদের পরিচয় তৈরি করতে হবে। নিজের ওপর বিশ্বাস রেখে সঠিক মানসিকতা নিয়ে এগোতে পারলে কেউ তার চেয়েও ভালো ক্রিকেটার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এজন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি মাঠে পারফরম্যান্সের মাধ্যমে নিজের প্রতিভা প্রমাণ করার ওপর গুরুত্ব দেন এই অলরাউন্ডার।
ক্যারিয়ারের খারাপ সময় কীভাবে সামলাতে হবে—এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই ভালো ও খারাপ সময় আসে। কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকা, নিজের ওপর বিশ্বাস রাখা এবং পরিশ্রম চালিয়ে যাওয়া জরুরি। এসবের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।
ডেথ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে নিজের পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি পরিষ্কার থাকার ওপর জোর দেন মিরাজ। তার মতে, কী করতে হবে তা নিয়ে দ্বিধায় থাকলে সাফল্য পাওয়া কঠিন।
দলের বিপর্যয়ের সময় মানসিক দৃঢ়তা নিয়েও তরুণদের পরামর্শ দেন মিরাজ। এমন পরিস্থিতিতে নিজের সঙ্গে কথা বলে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে বলে জানান তিনি। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে সেই ইতিবাচক মানসিকতা দলের অন্য খেলোয়াড়দের মধ্যেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান জাতীয় দলের এই ক্রিকেটার।