Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ কারা কারা থাকবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ কারা কারা থাকবেন?

বিজ্ঞাপন

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টে খেলতে চলেছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। কোচ থমাস ডুলির সামনে এই ম্যাচের আগে প্রশ্ন আছে বেশ কিছু। সেসব প্রশ্নের সমাধান দিয়ে তবেই বাংলাদেশকে নামতে হবে মাঠে।

সবচেয়ে বড় প্রশ্ন ২টি জায়গা নিয়ে। বাংলাদেশের সেন্টারব্যাক পজিশনে তপু বর্মণ নেই। তার না থাকা মানে রক্ষণ যেমন একটু নড়বড়ে হয়ে পড়া, তেমনি একটা গোলস্কোরিং থ্রেটও কমে যাওয়া। কেন? থমাস ডুলি আমলের প্রথম ম্যাচটাই দেখুন না! ডিফেন্স থেকে উঠে এসে জোড়া গোল করে বাংলাদেশকে জিতিয়েছিলেন কে? এই তপু বর্মণই তো! সেই তিনি আজ চোটের কারণে নেই। 

তার জায়গায় জিদান ইউসুফ হতে পারতেন ডুলির প্রথম পছন্দ। তাকে সাফ অ-২০ টুর্নামেন্টে দেখে মনে ধরেছিল কোচের। কিন্তু জাতীয় দলে তার অভিজ্ঞতার কোটা একেবারে শূন্য। তাই তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণ। শাকিল আহাদ তপু আসতে পারেন তপুর জায়গায়।

আরেক প্রশ্ন হচ্ছে নাম্বার নাইনের অনুপস্থিতি নিয়ে। কারণ এই জায়গায় যে শেখ মোরসালিন খেলতেন, তাকেও আজ পাচ্ছে না বাংলাদেশ, পুরোপুরি ফিট নন তিনি। ফলে নাম্বার নাইন কে হবেন, তা নিয়ে আছে ধোঁয়াশা। কোচ ডুলির হাতে দুই বিকল্প আছে ফারহান আলী ওয়াহিদ আর শুকি ইতুফুসা। তাদের একজনকে দেখা যেতে পারে একাদশে।

মিডফিল্ড নিয়ে তেমন প্রশ্ন নেই। দুটো জায়গা ‘ফিক্সড’, হামজা চৌধুরী আর শমিত শোম, তাদের সঙ্গে সোহেল রানা থাকতে পারেন একাদশে। গোলমুখে মিতুল মারমা সান মারিনো ম্যাচে ছিলেন বেশ নড়বড়ে, তাই তার জায়গায় একাদশে আসতে পারেন মেহেদী হাসান শ্রাবণ।

সান মারিনো ম্যাচে কোচ দলকে খেলিয়েছেন ৪-৩-৩ ছকে। সেটাই তার পছন্দের ছক। আজও সেটা বদলানোর খুব একটা সম্ভাবনা নেই।

বাংলাদেশ একাদশ—
মেহেদী হাসান শ্রাবণ
সাদ উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ
হামজা চৌধুরী,
সোহেল রানা, শমিত সোম,
রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম, ফারহান আলী ওয়াহিদ


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার