Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিসিবির বোর্ড সভায় এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

বিসিবির বোর্ড সভায় এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় ঘরোয়া ক্রিকেট, ক্রিকেটারদের ম্যাচ ফি এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) নতুন সুযোগ-সুবিধা তৈরির পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর অনুমোদন দিয়েছে বোর্ড। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের কাঠামো ঢেলে সাজানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) মিরপুরে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তগুলোর কথা জানায় বিসিবি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ ক্রিকেটারদের চার দিনের ম্যাচের ম্যাচ ফি হবে দেড় লাখ টাকা। ওয়ানডেতে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা পাবেন তারা। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ক্রিকেটারদের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।

নারী ক্রিকেটেও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। তিন দিনের ম্যাচে ৪০ হাজার, একদিনের ম্যাচে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করে পাবেন ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতাও দ্বিগুণ করা হয়েছে। ১০ হাজার টাকা থেকে বেড়ে এখন তা ২০ হাজার টাকা।

ঘরোয়া ক্রিকেটকে নতুন কাঠামোয় নেওয়ার পরিকল্পনাও অনুমোদন করেছে বোর্ড। আগামী ডিসেম্বরে ছয়টি দল নিয়ে টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করা হবে। পরবর্তী সময়ে এই দলগুলোকে অন্যান্য ফরম্যাটের প্রতিযোগিতাতেও অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

অবকাঠামো উন্নয়নেও নেওয়া হয়েছে কয়েকটি সিদ্ধান্ত। মিরপুর স্টেডিয়ামের ক্রিকেট একাডেমি মাঠে আইএএএফ অনুমোদিত তিন লেনের অ্যাথলেটিক রানিং ট্র্যাক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দুটি বিকল্প ড্রেসিংরুম, খেলোয়াড়দের প্রবেশপথ ও কমন লবি উন্নয়নের কাজও হবে।

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নতুন দুটি ড্রেসিংরুম তৈরির সিদ্ধান্ত হয়েছে, যা ঘরোয়া ক্রিকেটে ব্যবহারের জন্য নির্ধারিত থাকবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন প্রকল্পের জন্য স্থাপত্য, প্রকৌশল ও প্রকল্প প্রস্তুতিসংক্রান্ত পরামর্শক নিয়োগের অনুমোদনও দিয়েছে বিসিবি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার