বিজ্ঞাপন
মেসির ‘শেষ ম্যাচ’, জানা গেল প্রতিপক্ষ ও তারিখ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
বিজ্ঞাপন
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে এত দিন ছিল অপেক্ষা ও জল্পনা। এবার সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার দাবি, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামতে পারেন মেসি।
আর্জেন্টিনার বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ঘোষিত দলেও রাখা হয়েছে মেসিকে।
রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে ম্যাচটিকে মেসির সম্ভাব্য ‘লাস্ট ডান্স’ হিসেবে উল্লেখ করেছেন। জাতীয় দলের সমর্থকদের সামনে বিদায় নিতেই মেসি এই ম্যাচে খেলবেন বলেও জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা মেসি আগেই জানিয়েছিলেন। এরপর থেকেই প্রশ্ন ছিল, আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখা যাবে কি না। যদিও আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। এবার বেনিন ম্যাচকে ঘিরে সেই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ার এরই মধ্যে পেয়েছে অসংখ্য সাফল্যের স্বীকৃতি। বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের মতো অর্জনের পাশাপাশি তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে জমা হয়েছে বহু স্মরণীয় মুহূর্ত।
তাই ৬ অক্টোবরের ম্যাচটি হয়ে উঠতে পারে অন্য রকম এক উপলক্ষ। মনুমেন্টালের গ্যালারিতে সেদিন সমর্থকদের চোখ থাকবে শুধু মাঠের খেলার দিকে নয়, আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার সম্ভাব্য সেই মুহূর্তের দিকেও।