Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট দল গত বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ছিল বলে জানিয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি।

কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বলেন, ‘তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী বিশ্বকাপে বাংলাদেশ দলের না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী।’

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত কমিটির ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যারিস্টার ফয়সাল। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে কমিটি এ সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানান তিনি।

তদন্ত কমিটির প্রতিনিধি ফয়সাল দস্তগীর বলেন, ‘তদন্তে যা উঠে এসেছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সবকিছু মিলিয়ে যা বলা যায়, বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য যে মানুষটি দায়ী, তিনি হলেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেই সময়ের সরকার ও তিনি দায়ী।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।’

গত মার্চে জাতীয় ক্রীড়া পরিষদ বিশ্বকাপে বাংলাদেশ দলের না খেলার কারণ অনুসন্ধানে এ তদন্ত কমিটি গঠন করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম ওলি উল্যার নেতৃত্বে তিন সদস্যের কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১২ জনের সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাদের বক্তব্যের সারসংক্ষেপও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় দলের কোচ ও ওই সময়ের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ওই সময়ের বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের।

এ ছাড়া যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলে তদন্ত কমিটি।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেদুয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদের সাক্ষাৎকার নেওয়া হয়।

তবে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ার পর মোস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আইপিএল থেকে বাদ দেয়। নিরাপত্তাজনিত কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এতে সম্মতি দেয়নি।

ফলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে পারেনি এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার