বিজ্ঞাপন
আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ, খেলবেন মেসি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন বাস্তবতায় প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ-পরবর্তী প্রথম ফিফা উইন্ডোতেই ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় রয়েছে দুটি বিষয়; কোচ লিওনেল স্কালোনি থাকছেন কি না এবং জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যাবে কি না।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে বিশ্বকাপের রানার্সআপরা। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার পর ৩ অক্টোবর ও ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টালে বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
প্রতিপক্ষ, ম্যাচের তারিখ ও ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। তবে তার আগে ফিফার অনুমোদন প্রয়োজন। ম্যাচগুলো ফিফার ‘ক্লাস এ’ মর্যাদা পাবে কি না, সেটিও নির্ধারিত হওয়ার কথা।
ম্যাচগুলো ক্লাস এ হিসেবে স্বীকৃতি পেলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় নিষেধাজ্ঞা পাওয়া লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে শাস্তি শেষ করার সুযোগ পাবেন।
তিন ম্যাচের সূচি তৈরি হলেও আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় অনিশ্চয়তা কোচের পদ নিয়ে। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।
এএফএ চায়, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই জাতীয় দলের দায়িত্বে থাকুন। সংস্থাটির পক্ষ থেকে এই ইচ্ছার কথা কোচকে জানানো হয়েছে। তবে এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি স্কালোনি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়া দিতে চাইছে না। বরং স্কালোনির ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করে তার অবস্থান বোঝার চেষ্টা করা হচ্ছে। কোচিং স্টাফের অধিকাংশ সদস্যই তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী বলে জানা গেছে।
এর সঙ্গে যোগ হয়েছে আরও বড় একটি প্রশ্ন—জাতীয় দলের জার্সিতে কি আবার মাঠে দেখা যাবে মেসিকে?
গত মাসের শেষ দিনে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তাই বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে তিন ম্যাচের কোনো একটিতে তাকে মাঠে নামানো হবে কি না, সেটিই এখন সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।