Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপে নেইমার থাকবেন কি না, স্পষ্ট করলেন আনচেলত্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

২০৩০ বিশ্বকাপে নেইমার থাকবেন কি না, স্পষ্ট করলেন আনচেলত্তি

বিজ্ঞাপন

নেইমারকে বাদ দিয়েই ২০৩০ বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল গড়ার কাজ শুরু করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। তার পরিকল্পনার কেন্দ্রে রয়েছে নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করা।

সিএনএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, নেইমারের সামর্থ্য নিয়ে আনচেলোত্তির কোনো সংশয় নেই। তার মতে, পারফরম্যান্সের বিচারে নেইমার এখনো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য। কিন্তু নেইমার নিজেই জানিয়েছেন, ব্রাজিলের হয়ে আর ফিরতে চান না। ফলে তাকে ঘিরে ভবিষ্যতের পরিকল্পনা করার সুযোগও থাকছে না।

নেইমারের জায়গা পূরণ করা সহজ হবে না—এ কথাও স্বীকার করেছেন আনচেলোত্তি। তার চোখে নেইমার এমন একজন খেলোয়াড়, যার প্রতিভার সঙ্গে অন্য কাউকে সরাসরি তুলনা করা কঠিন। তবে একজন তারকার ওপর নির্ভর না করে এখন পুরো দলকে নতুনভাবে গড়ে তোলাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এই পরিবর্তনের কাজেই এখন মনোযোগ দিয়েছেন আনচেলোত্তি ও ব্রাজিলের ফুটবল পরিচালক রদ্রিগো কায়তানো। তাদের সামনে সবচেয়ে বড় লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ। সেই লক্ষ্য সামনে রেখে জাতীয় দলে ধীরে ধীরে জায়গা করে দেওয়া হচ্ছে তরুণ ফুটবলারদের।

আনচেলোত্তির পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছেন ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া খেলোয়াড়েরা। এর বাইরে ২০০৮ সালে জন্ম নেওয়া কয়েকজন প্রতিভাবান ফুটবলারকেও নজরে রাখা হচ্ছে। এখনো যারা জাতীয় দলের মূল কাঠামোর অংশ হয়ে ওঠেননি, তাদের ধীরে ধীরে আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চান কোচ।

অভিজ্ঞ খেলোয়াড়দের দরজা অবশ্য পুরোপুরি বন্ধ করছেন না আনচেলোত্তি। তার মতে, বয়স ৩৬ কিংবা ৩৭ হলেও কেউ যদি নিজের সেরা ফুটবল খেলতে পারেন, তাহলে তাকে বিবেচনায় রাখা যেতেই পারে। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তরুণদের অগ্রাধিকার দেওয়াই এখন বেশি জরুরি।

আনচেলোত্তির কাছে এই পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দলগত ফুটবল। তার দর্শনে, বিশ্বমানের একজন খেলোয়াড় ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন, কিন্তু আধুনিক ফুটবলে শুধু ব্যক্তিগত প্রতিভার ওপর নির্ভর করে বড় সাফল্য পাওয়া কঠিন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার