বিজ্ঞাপন
রিজওয়ান-ইমামকে হঠাৎ জিজ্ঞাসাবাদ, কারণ নিয়ে ধোঁয়াশা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ এএম
বিজ্ঞাপন
ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই দেশটির ক্রিকেটে তৈরি হয়েছে নতুন আলোচনার বিষয়। জাতীয় দলের দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হককে জিজ্ঞাসাবাদ করেছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লাহোরে সংস্থাটির কর্মকর্তারা রিজওয়ান ও ইমামের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে একজনকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কোন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর পাকিস্তান দল থেকে সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। সেই তালিকায় ছিলেন রিজওয়ান ও ইমামও। একই সময়ে ইংল্যান্ড সফরে দলের ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে এনসিসিআইএর জিজ্ঞাসাবাদ পিসিবির চলমান তদন্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তানের আরও অন্তত একজন ক্রিকেটারকে এনসিসিআইএর কাছে জমা দেওয়ার জন্য প্রশ্নপত্র দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে সেটির উত্তর জমা দেওয়ার কথা রয়েছে।
ইংল্যান্ড সফরে রিজওয়ানের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। দুই টেস্টে তার ব্যাট থেকে এসেছে ১২, ৪১, ৭ ও ১ রান। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে তার আউট নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল।
ইমামের বিষয়টি আবার ভিন্ন। চোটের কারণে লর্ডস টেস্টের একাদশে থেকেও ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তার চোট নিয়ে সে সময় প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। বিষয়টি তদন্তের আওতায় আসতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
ইংল্যান্ড সফরের ব্যর্থতা নিয়ে এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও জানিয়েছিলেন, শুধু মাঠের পারফরম্যান্স নয়, আরও কিছু বিষয় পর্যালোচনা করা হচ্ছে। দলের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে বিষয়টির গভীরে যাওয়ার কথাও বলেছিলেন তিনি।
ফলে রিজওয়ান ও ইমামকে সাইবার অপরাধ তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদ পাকিস্তানের ক্রিকেটে নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে জিজ্ঞাসাবাদের প্রকৃত কারণ কিংবা এর সঙ্গে জাতীয় দলের ব্যর্থতার কোনো যোগসূত্র আছে কি না, তা পরিষ্কার না হওয়া পর্যন্ত বিষয়টি ঘিরে নানা প্রশ্নই থেকে যাচ্ছে।