বিজ্ঞাপন
ব্রাজিলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বাফুফে, চাইবে সরকারের সহযোগিতা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম
বিজ্ঞাপন
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দলের ঢাকা সফরকে কেন্দ্র করে দুই দেশের ফুটবল সম্পর্ক নতুন মাত্রা পেতে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শিগগিরই ব্রাজিল জাতীয় দলকে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বলে জানিয়েছে।
গত রোববার (২৩ আগস্ট) দুপুর ১টায় ঢাকায় আসা সিবিএফের প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করে। পাশাপাশি কয়েকটি আবাসিক হোটেলও দেখে তারা। পরিদর্শন শেষে প্রতিনিধি দল জানিয়েছে, দুই মাঠের মান ও সংলগ্ন অবকাঠামো ব্রাজিল জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ-বহির্গমন গেটের নিরাপত্তাসহ কিছু অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এসব কাজ স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব বলে মনে করেছে তারা।
প্রতিনিধি দলটি সোমবার রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করে। চলতি সপ্তাহেই তারা তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ সিবিএফের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেবে। এর পরিপ্রেক্ষিতে বাফুফে দ্রুতই সিবিএফের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নেবে। সেই বৈঠকে ব্রাজিল জাতীয় দলকে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ এবং ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
জাতীয় স্টেডিয়ামের মাঠ উন্নয়নে স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বাফুফের সংস্কারকাজের ইতিবাচক মূল্যায়নকে সফলতার স্বীকৃতি হিসেবে দেখছে ফেডারেশন। আন্তর্জাতিক দল ও খেলোয়াড়দের জন্য স্টেডিয়ামকে আরও উপযোগী করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় করে দ্রুত অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
সফরের শেষ পর্যায়ে সিবিএফ ও বাফুফে কর্মকর্তাদের মধ্যে বৈঠকে অবকাঠামো উন্নয়ন, পিচ ডেভেলপমেন্ট, যৌথ কোচিং প্রোগ্রাম, স্পোর্টস সায়েন্স এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনসহ পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। ব্রাজিলের প্রতিনিধিরা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অতীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ব্রাজিলের ম্যাচে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি তারা লক্ষ্য করেছেন। বাংলাদেশে খেলতে এলে একই রকম সমর্থন ও ভালোবাসা পাওয়ার আশা করছেন তারা।
বাফুফে মনে করে, এই সফর দুই দেশের ফুটবল সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
ব্রাজিলের বিপক্ষে ঢাকায় ম্যাচ আয়োজন করতে গেলে বিশাল বাজেট প্রয়োজন হবে। বাফুফে কীভাবে সেই অর্থ সংগ্রহ করবে? বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন বলেন, ‘ভালো কিছু করতে গেলে টাকা তো লাগবেই। আমাদের সভাপতি সরকারের সাথে আলোচনা করে প্রয়োজনে চাইবেন। কারণ, এটা তো রাষ্ট্রীয় খেলা।’