Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

খেলার মাঝেই পর্তুগালের খেলোয়াড়ের মৃত্যু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম

খেলার মাঝেই পর্তুগালের খেলোয়াড়ের মৃত্যু

বিজ্ঞাপন

ফুটবল মাঠেই হৃদয়বিদারকভাবে থেমে গেল সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের খেলোয়াড় কেভিন কাস্ত্রোর জীবন। মাত্র ২৫ বছর বয়সে পর্তুগিজ এই মিডফিল্ডার ম্যাচ চলাকালে লিসবনে লুটিয়ে পড়ে মারা গেছেন। শনিবার একটি প্রীতি ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন।

ক্লাব রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে শীর্ষ বিভাগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছিলেন কাস্ত্রো। ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে পড়ে যান তিনি। এরপরই ঘটে যায় মর্মান্তিক পরিণতি।

লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘এই মর্মান্তিক সময়ে কেভিনের পরিবার, বন্ধু এবং সংশ্লিষ্ট ক্লাব রিয়াল এসসি এসএডির প্রতি পর্তুগিজ ফুটবলের পক্ষ থেকে আমাদের গভীর সমবেদনা।’

২০২১ সালে ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দিয়েছিলেন কাস্ত্রো। পরে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার। লিগ কাপের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ওয়েস্ট ব্রমের জার্সিতে প্রথমবার সিনিয়র ফুটবলে মাঠে নামেন তিনি। এরপর বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলেছেন কাস্ত্রো। ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন তিনি।

কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছে ওয়েস্ট ব্রমও। রোববার বার্নলির বিপক্ষে ম্যাচের আগে সাবেক এই খেলোয়াড়কে বিশেষভাবে স্মরণ করবে ক্লাবটি।

এক বিবৃতিতে ওয়েস্ট ব্রম জানিয়েছে, ম্যাচের ২৫তম মিনিটে কাস্ত্রোর স্মরণে করতালির আয়োজন করা হবে। পাশাপাশি দলের খেলোয়াড় ও স্টাফরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

মর্মান্তিক ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কাস্ত্রোর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে রিয়াল স্পোর্ট ক্লাব এবং এস্ত্রেলা দা আমাদোরা।

মাত্র ২৫ বছর বয়সে ফুটবল মাঠে কাস্ত্রোর এমন আকস্মিক মৃত্যু পর্তুগিজ ফুটবলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার