Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

হামজার প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনার কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

হামজার প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনার কোচ

বিজ্ঞাপন

প্রাক-মৌসুমে বার্সেলোনার জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হামজা আবদেলকারিম। তরুণ মিসরীয় স্ট্রাইকারের সেই পারফরম্যান্স নজর কেড়েছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকেরও। মৌসুমের প্রথম লা লিগা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হামজার প্রশংসা করেছেন জার্মান এই কোচ।

রোববার (২৩ আগস্ট) এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। প্রথম রাউন্ডের ম্যাচ স্থগিত হওয়ায় এটিই হবে কাতালান ক্লাবটির এবারের লিগ অভিযান শুরুর ম্যাচ। আর সেই ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছে হামজার সম্ভাব্য অভিষেক।

প্রাক-মৌসুমে হামজার পারফরম্যান্স নিয়ে ফ্লিক বলেন, তিনি ‘দারুণ একটি প্রাক-মৌসুম’ কাটিয়েছেন। বার্সা কোচের চোখে হামজা একজন তরুণ ‘নম্বর নাইন’ এবং তার সামনে রয়েছে অনেক সম্ভাবনা। গোল করার পাশাপাশি অনুশীলন ও ম্যাচে তার কাজও কোচের নজর কেড়েছে।

তবে এলচের বিপক্ষে আক্রমণভাগে হামজাকেই প্রথম পছন্দ হিসেবে দেখা যাবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো ইঙ্গিত দেননি ফ্লিক। বার্সেলোনার আক্রমণভাগে একাধিক বিকল্প থাকায় সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে না বলেই জানিয়েছেন তিনি।

এদিকে আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বার্সেলোনায় আনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে তা এড়িয়ে যান ফ্লিক। অন্য দলের খেলোয়াড় নিয়ে আলোচনা করতে চান না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আগেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

আলভারেজকে দলে পাওয়ার পরিকল্পনা সফল না হলে সেটি তাকে উদ্বিগ্ন করছে কি না, এমন প্রশ্নেরও সরাসরি জবাব দিয়েছেন বার্সা কোচ। তিনি বলেন, দলকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য। বিষয়টি কোনো একজন খেলোয়াড়কে কেন্দ্র করে নয়। ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে ক্লাবের প্রয়োজনীয়তা নিয়ে তার পরিষ্কার ধারণা রয়েছে বলেও জানান ফ্লিক।

এলচের বিপক্ষে ম্যাচে জোয়াও ক্যানসেলোর খেলার সম্ভাবনাও নিশ্চিত করেছেন তিনি। ফ্লিক জানিয়েছেন, মাঠে নামার জন্য প্রস্তুত ক্যানসেলো। তার মান ও ক্লাবের প্রতি নিবেদনও প্রশংসা করেছেন বার্সা কোচ। গত মৌসুমে দলের জন্য ক্যানসেলোর অবদানও স্মরণ করেছেন তিনি।

তবে আলেহান্দ্রো বালদেকে নিয়ে প্রশ্নে ফ্লিকের বক্তব্য ছিল কিছুটা কঠোর। তার মতে, প্রতিটি খেলোয়াড়কেই দলে নিজের জায়গা ধরে রাখার জন্য নিয়মিত লড়াই করতে হবে। প্রত্যেকের কাছ থেকেই সেই মানসিকতা দেখতে চান তিনি।

সূত্র: গোল ডটকম

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার