বিজ্ঞাপন
ইংলিশ প্রিমিয়ার লিগ : জয় দিয়ে মৌসুম শুরু আর্সেনালের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:৪২ এএম
বিজ্ঞাপন
নতুন মৌসুমের শুরুতেই নিজেদের শক্তির জানান দিল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। প্রিমিয়ার লিগে দুই যুগের বেশি সময় পর ফেরা কভেন্ট্রি সিটির বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে মিকেল আর্তেতার দল।
শুক্রবার (২১ আগস্ট) এমিরেটস স্টেডিয়ামে ২০২৬-২৭ মৌসুমের প্রথম ম্যাচে আর্সেনালের হয়ে গোল করেন কাই হাভার্টজ, বুকায়ো সাকা ও মার্টিন ওদেগোর।
প্রিমিয়ার লিগে ফিরেই ম্যাচের প্রথম মিনিটে কর্নার আদায় করে কভেন্ট্রি। তবে সেটিই যেন ছিল ম্যাচে তাদের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত। এরপর ধীরে ধীরে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকেরা।
কিছুক্ষণ পর গোলের কাছাকাছি পৌঁছে যায় আর্সেনাল। বিপজ্জনক জায়গা থেকে বুকায়ো সাকার শট কভেন্ট্রির এক খেলোয়াড়ের গায়ে লেগে বাইরে চলে যায়।
তবে গোল পেতে বেশি সময় লাগেনি চ্যাম্পিয়নদের। বাঁ প্রান্তে বল হারায় কভেন্ট্রি। সেই সুযোগ কাজে লাগিয়ে রিকার্দো কালাফিওরি ডি-বক্সের মধ্যে হাভার্টজকে বল বাড়ান। প্রথম স্পর্শেই নিখুঁত প্লেসিং শটে বল জালে পাঠান জার্মান ফরোয়ার্ড।
গত রোববার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়েও গোল করেছিলেন হাভার্টজ। ফলে নতুন মৌসুমের শুরুতেই টানা দুই ম্যাচে গোল পেলেন তিনি।
প্রথম গোলের সাত মিনিট পরই আবারও কভেন্ট্রির রক্ষণে ভুল। এবার ভুলটি করেন গোলরক্ষক কার্ল রুশওয়ার্ত। ডেক্লান রাইসের কাছ থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠেন ক্রিস্তস জলিস। তার পাস থামাতে গিয়ে রুশওয়ার্ত উল্টো বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে।
ফাঁকা জায়গায় বল পেয়ে কোনো ভুল করেননি সাকা। সহজেই বল জালে পাঠিয়ে আর্সেনালের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
বিরতির পরও আর্সেনালের আক্রমণের ধার কমেনি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই আসে তৃতীয় গোল। আবারও কভেন্ট্রির গোলরক্ষকের ভুলের সুযোগ নেয় স্বাগতিকেরা।
ডেক্লান রাইসের দারুণ পাস থেকে আক্রমণ এগিয়ে নেন সাকা। পরে বাইলাইন থেকে বেন হোয়াইট বল বাড়ান ওদেগোর দিকে। আর্সেনাল অধিনায়ক ঠিকভাবে শট নিতে না পারলেও রুশওয়ার্ত আগেই একদিকে ঝুঁকে পড়ায় দুর্বল শটটিও ঠেকাতে পারেননি।
তৃতীয় গোলের পর ম্যাচে ফেরার আশা কার্যত শেষ হয়ে যায় কভেন্ট্রির। বাকি সময়ে তারা কিছুটা চেষ্টা করলেও আর্সেনালের রক্ষণে বড় কোনো চাপ তৈরি করতে পারেনি।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। শিরোপা ধরে রাখার অভিযানের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিল দলটি।