বিজ্ঞাপন
‘আইপিএলের লোভ’ দেখিয়ে লঙ্কান ব্যাটারকে আউট করলো ভারত!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম
বিজ্ঞাপন
গল টেস্টে শ্রীলঙ্কার ব্যাটার নিরোশান ডিকভেলাকে নিয়ে যশস্বী জয়সওয়ালের মজার খুনসুটি শেষ পর্যন্ত নাটকীয়তায় রূপ নেয়। জয়সওয়ালের কথার কিছুক্ষণ পরই প্রসিধ কৃষ্ণর বলে আউট হন ডিকভেলা। উইকেটটি পাওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, ডিকভেলার বিদায়ে জয়সওয়ালেরও যেন কিছুটা অবদান রয়েছে!
টেস্টের পঞ্চম দিনের ঘটনা। জয়সওয়ালের সঙ্গে শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলার কথোপকথন প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠছে, তবে কি কৌশলে ‘আইপিএলের লোভ’ দেখিয়েই উইকেট তুলে নিলো ভারত?
৩৭২ রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ৮৪ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে শ্রীলঙ্কা। টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ডিকভেলার কাছ থেকে বড় ধরনের প্রতিরোধ।
দিনের প্রথম সেশনে দারুণ ব্যাটিং করে ভারতকে বেশ কিছুটা সময় আটকে রাখে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা অর্ধশতক তুলে নিয়ে ভারতের স্পিন আক্রমণকে নিষ্ক্রিয় করে দেন।
তবে সকালের সেশনের শেষদিকে ভারত অবশেষে সাফল্য পায়। রবীন্দ্র জাদেজা শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে শর্ট ফাইন লেগে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন। তার বিদায়ের পর অভিজ্ঞ ডিকভেলা উইকেটে আসেন। শ্রীলঙ্কার ব্যাটারদের প্রতিরোধ আরও শক্ত করার দায়িত্ব ছিল তার ওপর।
কিন্তু ক্রিজে আসার পর থেকেই উইকেটের পেছন থেকে তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ডিকভেলাকে নানা কথায় উসকাতে থাকেন। বিশেষ করে লেগ সাইড দিয়ে ছক্কা মারার জন্য তাকে প্ররোচিত করেন জয়সওয়াল।
স্লিপে থাকা জয়সওয়ালের কথার জবাবে ডিকভেলাও বলেন, ‘হ্যাঁ, আমি মারব, স্যার।’
জয়সওয়াল ও ডিকভেলার কথোপকথন
জয়সওয়াল: ‘চলো ইয়ার, প্রথম ইনিংসে তো অনেক শট খেলেছিলে। আমাদের কিছু একটা দেখতে হবে। চলো।’
ডিকভেলা: ‘হ্যাঁ?’
জয়সওয়াল: ‘হ্যাঁ, আমি দেখতে চাই। চলো, দেখাও। ওই দিকে (ডিপ স্কয়ার লেগের দিকে ইশারা করে) মারো। চলো। কেন নয়?’
ডিকভেলা: ‘দরকার নেই। আমাকে আইপিএলে নিয়ে যাও, তারপর মারব।’
জয়সওয়াল: ‘আমরা নেব, আমরা নেব। ১০০ শতাংশ। চলো, একটা ছক্কা মারো, আমি তোমাকে আইপিএলে নিয়ে যাব।’
ডিকভেলা: ‘ধন্যবাদ।’
এর পরের ওভারেই ভারতের পেসার প্রসিধ কৃষ্ণ একের পর এক বাউন্সার দিয়ে ডিকভেলাকে চাপে ফেলেন। শ্রীলঙ্কার এই ব্যাটার পেসারকে আক্রমণ করতে গিয়ে একটি শর্ট বল খেলতে যান। কিন্তু বলটি ব্যাটের কানায় লেগে সরাসরি উইকেটরক্ষকের হাতে চলে যায়। ফলে ১০ রানেই থেমে যায় ডিকভেলার ইনিংস।