Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

রেনশর ফেরায় খুশি ক্যারে, ওয়েদারাল্ডকে দিলেন সমবেদনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম

রেনশর ফেরায় খুশি ক্যারে, ওয়েদারাল্ডকে দিলেন সমবেদনা

বিজ্ঞাপন

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ফলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে স্কোয়াডে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। বাদ পড়েছেন জ্যাক ওয়েদারাল্ড, আর তার জায়গায় দলে ফিরেছেন ম্যাট রেনশ।

রেনশর ফেরাকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারে। একই সঙ্গে একাদশ থেকে বাদ পড়া ওয়েদারাল্ডের প্রতিও সহমর্মিতা জানিয়েছেন তিনি।

দল থেকে বাদ পড়ার বিষয়টি যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন উল্লেখ করে ক্যারে বলেছেন, ‘আসলে এটা সবসময়ই কঠিন ব্যাপার যখন কেউ দল থেকে ড্রপড হয়। তবে এটাই খেলা। তাকে (জ্যাক ওয়েদারাল্ডকে) আমি বার্তা দিয়েছি এবং আমার সাপোর্ট দিয়েছি। আশা করছি সে দ্রুতই বাউন্স ব্যাক করতে পারবে এবং আমাদেরকে আরও একটি ফাইনালে নিয়ে যেতে পারবে। তার বয়স ৩০ এর ঘরে এবং দারুণ ক্লাসও রয়েছে।’

অন্যদিকে দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা ফিরে পাওয়ায় রেনশকে নিয়ে বেশ আশাবাদী ক্যারে। তার সাম্প্রতিক পারফরম্যান্স ও মানসিক অবস্থার প্রশংসা করে তিনি বলেছেন, ‘সে (ম্যাট রেনশ) আন্তর্জাতিক ক্রিকেটে আগেও খেলেছে, যদিও অনেক আগে। তার উন্নতিটা আমি দেখেছি। মানসিকভাবে সে ভালো জায়গায় আছে। সাদা বলে বেশ ভালো খেলেছে সে। গত কয়েক বছরে যত চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, সেগুলো সে ভালোভাবেই সামলেছে। সে আরও একটি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়ার হয়ে টপ অর্ডারে, অবশ্যই এটা লুফে নিতে মুখিয়ে আছে। শিল্ডে গত মৌসুমে দারুণ খেলেছে। আমরা সবাই জানি সে কতটা ভালো প্লেয়ার। এই গ্রুপে সে বেশ ভালোভাবে এসেছে। আশা করি ট্র্যাভের (ট্রাভিস হেড) সাথে সে ভালোই করবে (ওপেনিংয়ে)।’

রেনশর ব্যাটিংয়ে পরিণত হওয়ার বিষয়টিও আলাদাভাবে তুলে ধরেছেন ক্যারে। তিনি বলেছেন, ‘হ্যাঁ সে এখন অনেক পরিপক্ক ক্রিকেটার। বয়স ৩০ বছর হতে হতে আপনি নিজের সম্পর্কে এবং খেলাটা সম্পর্কেও অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। সে অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছে। চ্যালেঞ্জ সম্পর্কেও ভালো যায়। অ্যাটাক ডিফেন্সের মাঝে সে ব্যালেন্সটাও ভালোভাবেই জানে। কুইন্সল্যান্ডের হয়ে ব্যাটিং ওপেন করে সে শেফিল্ড শিল্ডে। গত বছর তিনটি সেঞ্চুরিও করেছে। সে সব কন্ডিশনেই আসলে ভালো করতে সক্ষম। ভারতেও সেঞ্চুরি আছে। সিডনিতে টেস্ট সেঞ্চুরি আছে। এখন সে আরও ভালো প্লেয়ার। দারুণ সুযোগ, আশা করি সে লুফে নেবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার