বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে জাতীয় দলে ফেরার স্বপ্ন নাঈমের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম
বিজ্ঞাপন
ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিকতার পরিচয় দিয়ে চলেছেন নাঈম শেখ। তবে জাতীয় দলের জার্সিতে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই বাঁ-হাতি ওপেনার। এবার নতুন সুযোগকে কাজে লাগিয়ে আবারও জাতীয় দলের দরজা খুলতে চান তিনি।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানিয়েছেন নাঈম। আসন্ন এই সফরকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবেই দেখছেন তিনি।
নাঈম বলেন, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই জায়গায় ভালো করে অবশ্যই জাতীয় দলের ফেরার লক্ষ্য থাকবে। ব্যক্তিগত লক্ষ্যটা এখন খোলাসা করতে চাচ্ছি না। নিজের মতো করে পরিকল্পনা করছি। দলকে জেতানোই সবচেয়ে বড় লক্ষ্য।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিংয়ের ধরন নিয়েও নিজের পরিকল্পনা পরিষ্কার করেছেন এই ওপেনার। নাঈম বলেন, ‘ওখানে প্রথমে (সাউথ আফ্রিকায়) দুইটি চারদিনের ম্যাচ এবং তারপর ওয়ানডে ম্যাচ আছে। চেষ্টা থাকবে পরিস্থিতি অনুযায়ী খেলার। যেভাবে এতদিন প্রস্তুতি নিয়েছি, ওটা যেন ঠিকভাবে মেলে ধরতে পারি, এটাই লক্ষ্য থাকবে।’
দূরের চিন্তা না করে আপাতত পুরো মনোযোগ আসন্ন সিরিজেই রাখতে চান নাঈম। তার ভাষায়, ‘সত্যি বলতে এত লম্বা চিন্তা করছি না। শুধু এই সিরিজটা খেলতে যাচ্ছি। উপভোগ করে এই সিরিজটা যেন ভালো খেলতে পারি, জিততে পারি- এই সিরিজটাতেই মনোযোগ আছে।’
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পেছনে পেসারদের অবদানের কথাও উঠে এসেছে নাঈমের কথায়।
জাতীয় দলের পেস বোলিংয়ের বর্তমান শক্তি নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই ওদের মতো বোলার আমাদের দলে থাকলে আমাদের দলের জন্য অনেক বড় সুবিধা। যেহেতু যারা ছিল, তারা ওদের সেরাটা দিয়ে জিততে পেরেছে-এটাই ভালো জিনিস যে আমাদের পাইপলাইন ও জাতীয় দলে যারা আছে, তারা ভালো করছে।’