Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

রিভিউতে দেখা গেল বিশাল স্পাইক, তবু কেন আউট হলেন না স্মিথ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম

রিভিউতে দেখা গেল বিশাল স্পাইক, তবু কেন আউট হলেন না স্মিথ?

বিজ্ঞাপন

সময়টা মোটেও ভালো যাচ্ছে না স্টিভেন স্মিথের। আজ সকালেও লোপ্পা এক ক্যাচ ফেলেছেন। ব্যাটিংয়েও আজ দ্রুতই আউট হতে বসেছিলেন। তবে এই দুর্দিনে ডিআরএস আর স্নিকো মিটার যেন বড় বন্ধু হয়ে তার পাশে দাঁড়িয়েছে।

ম্যাচের তখন ১৪তম ওভার চলছে। স্মিথ তখন দুই অঙ্কেও পৌঁছাননি। তখনই এবাদত হোসেনের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়েছিলেন তিনি। সেটা তার ব্যাট ছুঁল কি না, বোঝা গেল না, বল পৌঁছে গেল উইকেটরক্ষক লিটন দাসের হাতে। 

এবাদত ভেবেছিলেন বলটা ব্যাট ছুঁয়েছে, জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার কুমারা ধর্মসেনা। তার মানে তারও মনে হয়েছে, বলটা ব্যাটেই লেগেছে। তবে এপাশে স্মিথ বেশ আত্মবিশ্বাসী ছিলেন। আম্পায়ার আঙুল তোলার আগেই রিভিউর সিদ্ধান্ত নেন তিনি। এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, ওপাশে সঙ্গী মার্নাস লাবুশেনের সঙ্গেও আলোচনা করেননি।

রিভিউর পালা এলো। বল যখন তার ব্যাট পেরিয়ে যাচ্ছে, তখন স্নিকো মিটারে দেখা গেল বিশাল বড় একটা স্পাইক। স্বাভাবিকভাবেই এবাদত উদযাপন শুরু করে দিয়েছিলেন।

তবে বিপত্তিটা বাধল অন্য অ্যাঙ্গেল থেকে দেখে। পয়েন্টের দিকে থাকা ক্যামেরার অ্যাঙ্গেলে দেখতেই দেখা গেল, বল পাশ কাটিয়ে গেছে একটু আগেই, স্নিকো মিটারের স্পাইক মূলত ব্যাটের সঙ্গে বলের সংযোগের কারণে নয়, ব্যাটের সঙ্গে মাটির সংযোগের কারণে। ফলে স্মিথ এ যাত্রায় রক্ষা পান আউট হওয়া থেকে।

এর আগে প্রথম ইনিংসে ৭১ রানের ইনিংস খেলে বড় অবদান রেখেছিলেন অস্ট্রেলিয়ার ১৯৮ রানের ইনিংসে। সে ইনিংসেও একবার স্নিকো মিটারের ‘সহায়তায়’ বেঁচে গিয়েছিলেন তিনি। কাকতালীয়ভাবে সেটাও এই এবাদতের বলেই!

প্রথম দিন ২২তম ওভারে তার বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন তুলেছিলেন এবাদত। আম্পায়ার সাড়া দেওয়ার আগেই স্মিথ প্রায় ২০ মিটার হেঁটেও ফেলেছিলেন প্যাভিলিয়নের দিকে। তবে ধর্মসেনা সাড়া দেননি, রিভিউতেও কোনো স্পাইক দেখা যায়নি। দিনের খেলা শেষে তিনি অকপটে স্বীকার করেছিলেন, ‘হ্যাঁ, আমি সম্ভবত একটু ভাগ্যবানই।’

সে তুলনায় আজকের ডিআরএসের সিদ্ধান্ত আর স্নিকোমিটারের রিভিউ অবশ্য বেশ সোজাসাপ্টাই। স্নিকোর স্পাইকটা মূলত দেখা গেছে বল তার ব্যাট পেরিয়ে যাওয়ার পর। আর সে কারণেই রক্ষা পেয়ে গেছেন স্মিথ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার