Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

তামিমের সেঞ্চুরি দেখে চোখ কপালে উঠল অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

তামিমের সেঞ্চুরি দেখে চোখ কপালে উঠল অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি এমনিতেই স্পেশাল। কতোটা? বিশ্বাস না হয় জো রুটকে জিজ্ঞেস করতে পারেন। তার এই সেঞ্চুরিটা পেতে অপেক্ষা করতে হয়েছিল ৩০টি ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে ১৫তম টেস্ট খেলে তবেই এই কীর্তিটা গড়েছিলেন তিনি। সেই কীর্তিটা কি না অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম আর ক্যারিয়ারের তৃতীয় ইনিংসেই গড়ে ফেললেন তানজিদ হাসান তামিম! সেই সেঞ্চুরিটা আবার তামিমের ক্যারিয়ারেরই প্রথম সেঞ্চুরি।

তার এই সেঞ্চুরি যে স্পেশাল, তা বলাই বাহুল্য; তামিমও সেশনের বিরতিতে দেওয়া এক সাক্ষাৎকারে সেটাই বললেন। তবে তার এই সেঞ্চুরি রীতিমতো চোখ কপালে তুলে দিয়েছে অজি কিংবদন্তিদের। 

ধারাভাষ্যকক্ষ থেকে এই ইনিংস পুরোটা দেখেছেন রিকি পন্টিং। তিনি সেঞ্চুরিটার পরপরই বললেন, ‘ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে এটা করার চেয়ে ভালো আর কোনো জায়গা হতে পারত না। তাও আবার মাত্র ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে।’

তামিম যে উইকেটে খেলে বড় হয়েছেন, সেটা তার ইনিংসটাকে বাড়তি মাহাত্ম্য দিচ্ছে, মানছেন পন্টিং। তিনি বলেন, ‘বাংলাদেশের সে খেলেছে ধীরগতির ও নিচু উইকেটে; সেখানে খেলে খেলেই এ পর্যন্ত এসেছে সে। এখানে কন্ডিশন কিন্তু একেবারে আলাদা, তবুও সে চমৎকার খেলেছে। এই মুহূর্তটা অবিস্মরণীয় হয়ে রইল তার জন্য।’

শুধু কি পন্টিং? তামিমের এই ইনিংস মুগ্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহকেও। ফক্স ক্রিকেটকে তিনি বলেন, ‘দারুণ এক মুহূর্ত বটে! এরপর তার ক্যারিয়ারে যা কিছুই ঘটে যাক না কেন, ডারউইনে তার করা সেঞ্চুরি সে কখনোই ভুলবে না। কী দারুণ এক ইনিংসই না খেলল এই বিশ্বমানের বোলিং আক্রমণটার বিপক্ষে!’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার