বিজ্ঞাপন
এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম
বিজ্ঞাপন
প্রায় ২ বছর ধরে সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না। এবার ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাও যেন ক্রমেই বন্ধ হয়ে আসছে তার জন্য। সবশেষ এই খাতায় নাম লেখাল আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। তার দল এমআই এমিরেটস তাকে দলে রাখেনি।
খেলোয়াড়ি জীবনেই পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। সরকার পতনের পর থেকে তিনিও আরও অনেক আওয়ামী লীগ এমপির মতোই ফেরারি হয়ে আছেন।
এই সময়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিটা ভালোভাবেই করছেন। একাধিক অনুষ্ঠানে বেশ বড় ভূমিকায় দেখা গেছে তাকে।
এসবের ফাঁকে ফাঁকে ক্রিকেটটাও খেলছেন তিনি। সবশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন জাফনা কিংসের হয়ে।
তার আগে গেল মৌসুমে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসরে খেলেছিলেন তিনি। তার দল ছিল এমআই এমিরেটস।
তাদের হয়ে হতাশাজনক এক মৌসুম কাটান সাকিব। পাঁচ ইনিংসে তিনি ১২২.৩৪ স্ট্রাইক রেটে করেন ১১৫ রান। আট ম্যাচে উইকেট পান মাত্র তিনটি। একটা ম্যাচে তো ব্যাটিংয়ে ভুগতে থাকার কারণে তাকে রিটায়ার্ড আউট হতেও বাধ্য করে এমিরেটস।
এমন এক পারফর্ম্যান্সের পর দলে জায়গা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। সাকিব তা পারেননি। তাকে দল থেকে বের করে দিয়েছে এমিরেটস।
আসন্ন পঞ্চম মৌসুমের জন্য মুস্তাফিজুর রহমানকে অবশ্য ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। গত মৌসুমে দলটিকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বাঁহাতি পেসার।
গত মৌসুমে বিপিএলের দায়িত্ব থাকায় মুস্তাফিজ দেশে ফিরে আসার আগে আটটি ম্যাচ খেলেন। এই আট ম্যাচে তিনি ১৫.৫৩ গড়ে এবং ১১.৫০ স্ট্রাইক রেটে নেন ১৫ উইকেট। টুর্নামেন্টের সেরা পাঁচ উইকেটশিকারির মধ্যে জায়গা করে নেন তিনি।
সাকিবের রাস্তা অবশ্য একেবারে বন্ধ নয়। আগামী ১ অক্টোবর দুবাইতে অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। দলগুলো ১৮ থেকে ২৩ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে পারবে। নিলামের পর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ওয়াইল্ডকার্ড নিয়মের মাধ্যমে আরও একজন খেলোয়াড় যোগ করতে পারবে। সেখান থেকে যদি দল পান, এখন সাকিব থাকতে পারেন সেই আশায়।
আইএলটি টোয়েন্টির পঞ্চম মৌসুম শুরু হবে আগামী ২২ নভেম্বর।