বিজ্ঞাপন
শেষ হতে পারে রোমানোর বিখ্যাত ‘হেয়ার উই গো’ অধ্যায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৫১ এএম
বিজ্ঞাপন
ফুটবল দলবদলের বাজারে ‘হেয়ার উই গো’ কথাটি যেন নিশ্চিত চুক্তির সমার্থক হয়ে উঠেছে। বড় কোনো দলবদলের খবর প্রকাশের সময় ফুটবলপ্রেমীদের নজর থাকে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। তবে এবার সেই রোমানোই ইঙ্গিত দিয়েছেন, দলবদলের খবর নিয়ে তার পরিচিত কাজের ধরন হয়ত শিগগিরই বদলে যেতে পারে।
লিংকডইনে দেওয়া এক পোস্টে রোমানো লিখেছেন, ‘সম্ভবত আর বেশিদিন এভাবে দলবদলের বাজারে কাজ করে যাব না। পদ্ধতি, দৃষ্টিভঙ্গি—সবকিছুই বদলানোর সময় এসেছে। তবে দলবদলের জানালা বন্ধ হওয়ার পর এ নিয়ে বিস্তারিত বলব।’
তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলের বাজার শেষ হওয়ার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দিতে পারেন তিনি।
গত কয়েক বছরে দলবদলের খবর প্রকাশের ক্ষেত্রে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন রোমানো। কোনো খেলোয়াড়কে নিয়ে গুঞ্জন শুরু হওয়া থেকে শুরু করে চুক্তি চূড়ান্ত হওয়ার প্রতিটি ধাপেই তার আপডেট অনুসরণ করেন বিশ্বের অসংখ্য ফুটবল সমর্থক। আর কোনো দলবদল নিশ্চিত হওয়ার মুহূর্তে তার বিখ্যাত ‘হেয়ার উই গো’ বাক্যটি পরিণত হয়েছে পরিচিত এক বার্তায়।
তবে নতুন কিছু করার পরিকল্পনা থাকলেও নিজের বর্তমান কাজ নিয়ে অসন্তুষ্ট নন রোমানো। বরং দলবদলের খবর প্রকাশের কাজটি তিনি এখনো উপভোগ করেন। ব্রেকিং নিউজ দেওয়ার উত্তেজনা, এক্সক্লুসিভ তথ্য প্রকাশ, হঠাৎ চমক তৈরি করা কিংবা কোনো গুঞ্জন ছাড়াই আচমকা একটি চুক্তি সম্পন্ন হওয়ার খবর জানানোর অনুভূতিকে তিনি ‘অবিশ্বাস্য’ বলে মনে করেন।
তাই রোমানোর ইঙ্গিত অনুযায়ী, তার পরিচিত ‘হেয়ার উই গো’ অধ্যায়ের পরিবর্তন আসতে পারে ঠিকই, তবে দলবদলের জগত থেকে তিনি পুরোপুরি সরে যাচ্ছেন কি না, সেটি এখনো স্পষ্ট নয়। দলবদলের জানালা বন্ধ হওয়ার পরই এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।