Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

থিয়াগো কি বার্সেলোনায় যাচ্ছেন? মুখ খুললেন মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

থিয়াগো কি বার্সেলোনায় যাচ্ছেন? মুখ খুললেন মেসি

বিজ্ঞাপন

থিয়াগো মেসির বয়স এখন ১৩। ঠিক এই বয়সেই ২০০০ সালে লিওনেল মেসি যোগ দিয়েছিলেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায়। ছেলে থিয়াগো তার পথ ধরে ফুটবলে এসেছেন, তিনিও কি বার্সেলোনাতেই যাবেন? এমন একটা গুঞ্জন শেষ কিছুদিন ধরেই চলছিল। অবশেষে সে বিষয়ে তিনি মুখ খুলেছেন।

ছেলে থিয়াগোকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। শোনা যাচ্ছিল, ইন্টার মিয়ামির যুব একাডেমি ছেড়ে বার্সেলোনার লা মাসিয়ায় যোগ দিতে পারেন থিয়াগো। তবে এই খবরে সত্যতা ছিল না।

আতলেতিকো সান লুইসের বিপক্ষে লিগস কাপের ম্যাচের আগে এই গুঞ্জন নিয়ে মুখ খোলেন মেসি। ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে ৪-২ গোলে জেতান তিনি। মাঠে ঢোকার সময় সাংবাদিক ব্রুনো ভাইনের প্রশ্নের মুখে পড়েন মেসি। প্রশ্ন ছিল, ‘থিয়াগো কি মিয়ামি ছেড়ে চলে যাচ্ছে?’ রদ্রিগো দে পলের সঙ্গে হাঁটতে হাঁটতে শান্ত গলায় এক শব্দে উত্তর দেন মেসি, ‘না’।

১৩ বছর বয়সী থিয়াগো তাই ইন্টার মিয়ামিতেই ফুটবলার হিসেবে নিজেকে গড়ে তুলবেন আপাতত। এই অ্যাকাডেমিতে থিয়াগো ২০২৩ সাল থেকে আছেন। মিডফিল্ডার হিসেবে খেলছেন তিনি। এর আগে বাবার পথ অনুসরণ করে বার্সা এসকোলা ও পিএসজির যুব একাডেমিতেও ছিলেন থিয়াগো। থিয়াগোর খেলার ধরন নিয়ে আগে সিম্পলি ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘সে বেশি চিন্তাশীল, বেশি সংগঠক, বেশি মিডফিল্ডার ঘরানার’। 

তার পায়ের জাদু এখনই ভাইরাল হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারই সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে থাকে তার বার্সায় যোগ দেওয়ার বিষয়ে। সে থেকে জন্ম নেয় গুঞ্জন। তবে সেসব গুঞ্জন মেসি নিজেই উড়িয়ে দিয়েছেন এবার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার