Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মেসিকে কাঁদিয়েছিলেন, এবার রিয়ালকে হতাশায় ডুবিয়ে বার্সায় যাচ্ছেন রদ্রি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম

মেসিকে কাঁদিয়েছিলেন, এবার রিয়ালকে হতাশায় ডুবিয়ে বার্সায় যাচ্ছেন রদ্রি

বিজ্ঞাপন

লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দুই বিশ্বকাপ জয় থেকে ৯০ বা ১২০ মিনিটের দূরত্বে ছিল। সেই দলটাকে ফাইনালে রীতিমতো অকেজোই করে দিয়েছিল স্পেন। আর এই অসাধ্য সাধনের মূলে ছিলেন যিনি, তিনি রদ্রি এর্নান্দেজ। মাঝমাঠে একাই তিনি সামলেছেন মেসিকে, তাতেই ফাইনালে আর্জেন্টিনার জারিজুরি শেষ। 

রদ্রি সেখানেই থামেননি। লিওনেল মেসি ফেভারিট ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারে। সেটাও শেষ মুহূর্তে ছিনিয়ে নিয়েছেন। জিতেছেন গোল্ডেন বল; ঢুকে গেছেন একাধারে চ্যাম্পিয়নস লিগ, ইউরো, ইউরোর গোল্ডেন বল, ব্যালন ডি’অর, বিশ্বকাপ আর বিশ্বকাপের গোল্ডেন বল জেতা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায়। 

বিশ্বকাপের পর সেই রদ্রি এর্নান্দেজকে দলে ভেড়ানোর খুব কাছে চলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ মুহূর্তে এসে সেই লড়াইয়ে আবির্ভাব হলো বার্সেলোনার। খেলাটা তখনই বদলে গেল।

৩০ বছর বয়সি রদ্রির জন্য রিয়াল মাদ্রিদের আগ্রহ ছিল অনেক দিন ধরে। কারণ নতুন কোচ জোসে মরিনিওর অধীনে মিডফিল্ড শক্তিশালী করতে চাইছিল রিয়াল। তবে বার্সেলোনা সে পরিকল্পনায় বড় এক ধাক্কা দিল। রিয়ালকে হতাশায় ডুবিয়ে বার্সেলোনাকে হ্যাঁ বলে দিয়েছেন ম্যানচেস্টার সিটিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতানো রদ্রি। 

কাতালান সংবাদমাধ্যম বলছে, বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের ফোন কলেই রদ্রি রাজি হয়েছেন। ফ্লিক ক্লাব কর্তৃপক্ষের কাছে একজন অভিজ্ঞ ডিফেন্ডার বা মিডফিল্ডার চেয়েছেন।

গেল মৌসুমে বার্সেলোনার রক্ষণে দুর্বলতা চোখে পড়েছে বাজেভাবে। সঙ্গে একের পর এক গোল মিসের প্রবণতাও দলটাকে ভুগিয়েছে। এসবের ভিড়ে বার্সার মিডফিল্ড দলটার ভাবনার কারণ ছিল সামান্যই। কিন্তু নিয়মিত মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের হাঁটুর গুরুতর চোট সেখানেও বিপাকে ফেলে দিয়েছিল কাতালানদের। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকবেন ডি ইয়ং, সে কারণে একজন মিডফিল্ডারও প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল বার্সার। সে কারণেই রদ্রির দিকে হাত বাড়িয়েছে দলটি।

শোনা যাচ্ছে, ৬০ মিলিয়ন ইউরোতে (৬৯ মিলিয়ন ডলার) রদ্রিকে ছাড়তে রাজি সিটি। তার চুক্তির মেয়াদ আছে আর এক বছর। সম্প্রতি হাঁটুর একাধিক চোটের পর জুলাই মাসে পিঠে ছোট অস্ত্রোপচার করান রদ্রি। এতে নতুন মৌসুমের শুরুতে তার ফিট থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে এরপরও বার্সেলোনা তাকেই দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, সম্মতি পেয়েছে রদ্রিরও।

বিষয়টা নিশ্চিত করেছেন ইউরোপীয় দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এল লারগেরোর বরাত দিয়ে তিনি জানিয়েছেন বিষয়টি। রদ্রির এজেন্ট বারকেরো পত্রিকাটিকে বলেছেন, ‘মাদ্রিদের প্রতি সম্মান দেখিয়ে তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন, তিনি বার্সেলোনায় যোগ দিচ্ছেন।’

বার্সেলোনা রদ্রির সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে সম্মত হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি সিটির কাছে। বিষয়টি আজ ঘটার সম্ভাবনা আছে। সব মিলিয়ে রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়াটা এখন সময়ের ব্যাপার বলেই জানাচ্ছে ইউরোপীয় সব সংবাদ মাধ্যম। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার