Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

এলপিএলের ব্যস্ততার মাঝেই সাকিবকে নিয়ে বড় ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম

এলপিএলের ব্যস্ততার মাঝেই সাকিবকে নিয়ে বড় ঘোষণা

বিজ্ঞাপন

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে ব্যস্ত সময় কাটানোর মধ্যেই নতুন আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তাকে দলে ভিড়িয়েছে নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) দল পোখারা অ্যাভেঞ্জার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সাকিবের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স। ফ্র্যাঞ্চাইজিটি তাদের বার্তায় লিখেছে, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এখন পোখারা পরিবারের সদস্য। নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে তাকে স্বাগত জানিয়েছে দলটি।

এলপিএলের চলতি আসরে জাফনা কিংসের হয়ে বল হাতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন সাকিব। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাকে দেখা যাবে। আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এই অলরাউন্ডারের উপস্থিতি পোখারা অ্যাভেঞ্জার্সের শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে।

শুধু খেলোয়াড় নয়, নতুন মৌসুমের আগে কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে পোখারা অ্যাভেঞ্জার্স। দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলঙ্কার সাবেক স্পিনার আজন্তা মেন্ডিসকে। রহস্য স্পিনের জন্য পরিচিত মেন্ডিস ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন। তার অভিজ্ঞতা দলটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১৭ নভেম্বর পর্দা উঠবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের। টুর্নামেন্ট চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সব ম্যাচ অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।

এবারের আসরে অংশ নেবে আটটি দল। দলগুলো হলো- বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কর্ণালি ইয়াকস, কাঠমান্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স, পোখারা অ্যাভেঞ্জার্স এবং সুদুরপশ্চিম রয়্যালস। নতুন আসরে সাকিবের পারফরম্যান্সের দিকে তাই থাকবে বাংলাদেশ ও নেপালের ক্রিকেটভক্তদের বিশেষ নজর।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার