Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত বিশ্বকাপের চরম হতাশা পেছনে ফেলে নতুন করে শুরু করতে চাইছে ব্রাজিল। আর সেই যাত্রায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের গন্তব্য হতে পারে প্রতিবেশী দেশ ভারত।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গের ফুটবল-পাগল শহর কলকাতায় একটি প্রীতি ম্যাচ খেলতে পারে সেলেসাওরা।

ম্যাচটি আয়োজনের ব্যাপারে এরই মধ্যে ভারতীয় সংগঠকদের সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) আলোচনা চলছে বলে জানা গেছে।

বিশ্বকাপ চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে নিয়ে ভারতীয় সমর্থকদের উন্মাদনা নজর কাড়ে সিবিএফের। মূলত এই বিপুল সমর্থন ও ভালোবাসাই ব্রাজিলকে ভারতে ম্যাচ খেলতে আগ্রহী করে তুলেছে।

টুর্নামেন্ট চলাকালেই দুই পক্ষের মধ্যে এ বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের।

এর মধ্যে দুটির সূচি চূড়ান্ত। আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

বাকি থাকা তৃতীয় ম্যাচটির জন্যই সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনা চলছে ভারতের নাম। এই ম্যাচ আয়োজনের দৌড়ে ভারতের পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারও ছিল। তবে শেষ পর্যন্ত ভারতের সঙ্গেই আলোচনা সামনের দিকে এগিয়ে নিচ্ছে সিবিএফ। যদিও সেলেসাওদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

কলকাতায় যদি শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ায়, তবে শহরটির ফুটবল ইতিহাসে তা নিঃসন্দেহে নতুন এক রোমাঞ্চকর অধ্যায় যোগ করবে। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলে গিয়েছিলেন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তি পেলে।

২০২৬ বিশ্বকাপটা ব্রাজিলের জন্য ছিল আক্ষেপ আর দুঃস্বপ্নের। অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে ‘হেক্সা’ বা ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিল দলটি। টুর্নামেন্টে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত ফর্মে ছিলেন, চার গোলের পাশাপাশি করেছিলেন একটি অ্যাসিস্ট। কিন্তু তার একক নৈপুণ্য দলকে বাঁচাতে পারেনি।

নকআউট পর্বের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে, যা ১৯৯০ সালের পর বিশ্বমঞ্চে তাদের সবচেয়ে দ্রুততম বিদায়। সেই বিষাদময় স্মৃতি ভুলে এবার প্রীতি ম্যাচের মধ্য দিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর ছক কষছে ব্রাজিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার