বিজ্ঞাপন
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় বড় ধাক্কা, আবার বিজ্ঞপ্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা পর্যায়ের কোচ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ২১৮ জন। এর মধ্যে ১৮০ জনই লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬১টি পদের বিপরীতে প্রাথমিকভাবে পাস করেছেন মাত্র ৩৮ জন।
জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুইটি কোচিং পদের জন্য গত ২৩ ও ২৪ জুলাই নিয়োগ পরীক্ষা আয়োজন করে বিসিবি। প্রথম দিন অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, আর দ্বিতীয় দিন নেওয়া হয় ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের একটি সূত্র জানিয়েছে, পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থীই প্রয়োজনীয় মান অর্জন করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে জেলা পর্যায়ের কোচ নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
তবে ২১৮ জন আবেদনকারীর সবাই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাননি। প্রাথমিক যাচাইয়ে অনেকেই নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারায় তাদের আবেদন বাতিল করা হয়।
বিসিবির শর্ত অনুযায়ী আবেদনকারীদের অন্তত লেভেল-১ কোচিং কোর্স সম্পন্ন করার পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হতো। কিন্তু অধিকাংশ আবেদনকারীই এই দুটি শর্ত পূরণ করতে পারেননি।
সূত্রটি আরও জানিয়েছে, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হওয়া ৩৮ জনের মধ্য থেকেও অনেকের চূড়ান্ত নিয়োগ অনিশ্চিত। কারণ তাদের কয়েকজনের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত পূরণ না হওয়ার বিষয়টি যাচাই করা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় ১৫ শতাংশেরও কম পরীক্ষার্থী পাস নম্বর অর্জন করতে পেরেছেন। ফলে জেলা পর্যায়ে দক্ষ কোচ তৈরির বর্তমান অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।