বিজ্ঞাপন
ফাইনালে হারের পর কেন দলের সঙ্গে আর্জেন্টিনায় ফেরেননি মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
বিজ্ঞাপন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। তবে পরাজয়ের হতাশার মধ্যেও দেশে ফেরার পর জাতীয় দলকে বীরের মর্যাদায় স্বাগত জানিয়েছেন সমর্থকেরা। কিন্তু সেই বহরে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। এতে অনেক সমর্থকের মনে প্রশ্ন ওঠে দলের সঙ্গে কেন দেশে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক?
বিশ্বকাপ ফাইনালের আগেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য সরাসরি আর্জেন্টিনায় ফিরবেন না। সেই তালিকায় ছিলেন মেসিও। ফলে দলের সঙ্গে তার না ফেরাটা পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ছিল।
জাতীয় দলের বিমান বুয়েনস আইরেসের এজেইজার মিনিস্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে খেলোয়াড়দের লাল গালিচা, সামরিক ব্যান্ড এবং ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দরের কাছেই এএফএর কার্যালয়ের সামনে হাজারো সমর্থক আকাশি-সাদা পতাকা, ছাতা ও মেসির ১০ নম্বর জার্সি পরে প্রিয় দলের অপেক্ষায় ছিলেন।
খেলোয়াড়দের দ্রুত নামানোর সুবিধার্থে উড়োজাহাজটি প্রাইভেট ফ্লাইট (এফবিও) এলাকায় নেয়া হয়। পরে প্রধান কোচ লিওনেল স্কালোনি ও দলের সদস্যদের ‘মুচাচোস’ গানের তালে গ্রেনেডিয়ার রেজিমেন্ট আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। এরপর খেলোয়াড়েরা সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। তবে পুরো অনুষ্ঠানেই অনুপস্থিত ছিলেন মেসি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে তার শেষ বিশ্বকাপ উপস্থিতি হিসেবেও দেখছেন।
আর্জেন্টাইন ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মেসি মূলত ক্লাব দায়বদ্ধতার কারণেই যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার ক্লাব ইন্টার মায়ামির নতুন মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের প্রথম ম্যাচ ২৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা। দীর্ঘ বিশ্বকাপ অভিযানের পর মানসিক ও শারীরিকভাবে পুনরুদ্ধারের জন্যও তিনি যুক্তরাষ্ট্রেই কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেন।
তবে তিনি সরাসরি দেশে না ফিরলেও পরে ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনায় পৌঁছান। পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে আবার ইন্টার মায়ামিতে যোগ দেয়ার কথা রয়েছে তার।
অন্যদিকে দলের সঙ্গে দেশে ফেরেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও হুয়ান মুসো ছাড়াও নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, গনসালো মন্টিয়েল, মার্কোস সেনেসি, ভ্যালেন্তিন বার্কো, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সাকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, ক্রিশ্চিয়ান মেদিনা, নিকোলাস গনসালেস এবং হোসে ম্যানুয়েল লোপেজ।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় দলের বহরকে বিমানবন্দর থেকে লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং সেন্টারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। খোলা ছাদের বাসে করে যাওয়ার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে শত শত সমর্থক পতাকা, জার্সি ও ঢোল নিয়ে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন শুধু একনজর প্রিয় ফুটবলারদের দেখার আশায়।
শেষ পর্যন্ত ট্রেনিং সেন্টারে পৌঁছে এএফএর কর্মকর্তাদের অভ্যর্থনার মধ্য দিয়ে বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দলের দেশে ফেরার আনুষ্ঠানিকতা শেষ হয়। তবে পুরো আয়োজনের সবচেয়ে আলোচিত অনুপস্থিত নামটি ছিল লিওনেল মেসি যিনি দলের সঙ্গে না ফিরলেও পরে ব্যক্তিগতভাবে দেশে ফিরে আবার ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি নেন।