বিজ্ঞাপন
মেসির ‘তিন শব্দের’ বক্তব্য ভাইরাল, আলোচনা তুঙ্গে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:১৭ এএম
বিজ্ঞাপন
‘সবকিছু ভুলে যাও’ মেসির এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ক্রীড়ামোদিদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মেসি আসলে এটা দিয়ে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। আর্জেন্টিনার স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভিডিওতে দলের অধিনায়ক লিওনেল মেসিকে সতীর্থদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘চলো ছেলেরা, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন শান্ত থাকি।’ এ পর্যন্ত এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়কের স্বাভাবিক অনুপ্রেরণামূলক বক্তব্যের মতোই।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় মেসির পরবর্তী কথাগুলো। তিনি বলেন, ‘সবকিছু ভুলে যাও। শুধু খেলো। শুধু খেলার দিকেই মনোযোগ দাও, ছেলেরা।’ এ মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, মেসি ঠিক কী ভুলে যাওয়ার কথা বলছিলেন?
যদিও ৩৯ বছর বয়সী এই ফুটবলার ঠিক কোন বিষয়ের কথা ইঙ্গিত করেছিলেন, তা স্পষ্ট নয়। তবে ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। স্পেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, আর্জেন্টিনা নাকি রেফারিংয়ে বিশেষ সুবিধা পাচ্ছে।
এমনকি স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেও ম্যাচের আগে এ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের সত্যিই বিস্মিত করেছে। এমন কিছু সিদ্ধান্ত হয়েছে, যেগুলোর জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।’