Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

দুই দশকের অধ্যায় কি শেষ? মেসির সিদ্ধান্তের অপেক্ষায় সবাই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৪৯ এএম

দুই দশকের অধ্যায় কি শেষ? মেসির সিদ্ধান্তের অপেক্ষায় সবাই

বিজ্ঞাপন

বিশ্বকাপের মঞ্চে আরেকটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে লিওনেল মেসির। তবে এই সমাপ্তি কেবল একটি টুর্নামেন্টের নয়, আর্জেন্টিনার জার্সিতে তার দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারেরও শেষ অধ্যায় হতে পারে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এখন ফুটবলবিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন মেসি এরপর কী করবেন?

এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি আর্জেন্টাইন অধিনায়ক। তবু বয়স, সময় এবং বাস্তবতার হিসাব মিলিয়ে অনেকেরই ধারণা, জাতীয় দলের হয়ে এটিই ছিল তার শেষ বিশ্বকাপ এবং সম্ভবত শেষ বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যানেই অনন্য। ২০৭ ম্যাচে ১২৫ গোল করার পাশাপাশি তিনি জিতেছেন একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা। দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন হিসেবে নিজের নাম আগেই স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন তিনি।

তবে বিদায়ের সম্ভাব্য ম্যাচটি মেসির প্রত্যাশামতো হয়নি। স্পেনের বিপক্ষে ফাইনালে পুরো ম্যাচজুড়েই ছিলেন অনেকটা নিষ্প্রভ। প্রতিপক্ষের সুসংগঠিত রক্ষণ ও মাঝমাঠ তাকে কার্যত খেলার বাইরে রেখেছিল। আক্রমণভাগে তার স্বাভাবিক প্রভাব দেখা যায়নি, বলের দখল কিংবা পেনাল্টি বক্সের আশপাশেও খুব বেশি জায়গা পাননি। ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো মুহূর্তও তৈরি করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপ শেষে মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হওয়ার অন্যতম কারণ তার বয়স। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চার বছর পর। তখন তার বয়স দাঁড়াবে ৪৩ বছর। আধুনিক ফুটবলে সেই বয়সে বিশ্বকাপে খেলা অত্যন্ত কঠিন বলেই মনে করা হয়। ফলে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ অধ্যায়ের এখানেই ইতি টানতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য আন্তর্জাতিক ফুটবলে তার পথ পুরোপুরি শেষ হয়ে গেছে এমনটাও নিশ্চিত নয়। ২০২৮ সালের কোপা আমেরিকা এখনো সামনে রয়েছে। শারীরিক সক্ষমতা, ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখতে পারলে সেই আসরে মেসিকে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেননি তিনি। ফলে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফুটবলবিশ্ব।

এবারের বিশ্বকাপে আরেকটি ঐতিহাসিক লড়াইও দেখা গেছে। ক্রিস্তিয়ানো রোনালদোর মতো মেসিও খেলেছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে বিরল কীর্তি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন নিয়েও ছিল তার সঙ্গে কিলিয়ান এমবাপ্পের প্রতিদ্বন্দ্বিতা। টুর্নামেন্ট চলাকালীন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে উঠেছিলেন মেসি। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করে এমবাপ্পে ২২ গোল নিয়ে আবারও শীর্ষস্থান দখল করেন। মেসির গোলসংখ্যা থেমে থাকে ২১-এ।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য সব সময় সাফল্যে ভরা ছিল না। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও কোয়ার্টার ফাইনালে তাকে মাঠে নামাননি তৎকালীন কোচ হোসে পেকারমান। এরপর দীর্ঘ সময় জুড়ে তাকে শুনতে হয়েছে সমালোচনা। ২০০৭ সালের কোপা আমেরিকা, ২০১৪ সালের বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হারের হতাশা তাকে এতটাই ভেঙে দিয়েছিল যে, ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসরের ঘোষণা দিয়েছিলেন।

তবে সেই সিদ্ধান্ত স্থায়ী হয়নি। জাতীয় দলে ফিরে এসে কোচ লিওনেল স্কালোনির অধীনে নিজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেন মেসি। ২০২১ সালে ব্রাজিলের মারাকানায় কোপা আমেরিকা জয়ের মাধ্যমে শুরু হয় নতুন অধ্যায়। এরপর ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জিতে বহু বছরের আক্ষেপ ঘুচিয়ে দেন তিনি। পরে ২০২৪ সালের কোপা আমেরিকাও জিতে আর্জেন্টিনাকে আরও একটি শিরোপা উপহার দেন।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। পুরো টুর্নামেন্টে আট গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেন। কিন্তু ফাইনালে স্পেনের কাছে হেরে অধরা থেকে যায় দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

এখন সব আলোচনা এক জায়গাতেই এসে ঠেকেছে লিওনেল মেসি কি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন, নাকি আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে তাকে? এ প্রশ্নের উত্তর এখন একমাত্র মেসির কাছেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার