Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

শেষ বাঁশির পর দু’দলের খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো কারণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৩৭ এএম

শেষ বাঁশির পর দু’দলের খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো কারণ

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই আনন্দ-উল্লাসে মেতে ওঠার কথা ছিল বিজয়ী দলের খেলোয়াড়দের। কিন্তু সেই উদযাপনই মুহূর্তের মধ্যে রূপ নেয় উত্তেজনা, ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে, তার নেপথ্যের বিস্তারিত চিত্র এবার সামনে এসেছে।

ঘটনার শুরু স্পেনের মিডফিল্ডার রদ্রি ও আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে ঘিরে। ম্যাচ জয়ের পর রদ্রি প্রতিপক্ষের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলে মলিনা তা ভালোভাবে নেননি। দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা মুখোমুখি অবস্থানে চলে যান, যা মাঠের পরিস্থিতিকে দ্রুত উত্তপ্ত করে তোলে।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া। তিনি মলিনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায়। গার্সিয়ার এই হস্তক্ষেপের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিসান্দ্রো পারেদেস দ্রুত সেখানে পৌঁছে গার্সিয়াকে ধাক্কা দেন। এতে দুই দলের আরও কয়েকজন খেলোয়াড় ঘটনাস্থলে জড়ো হন এবং সংঘর্ষ আরও বিস্তৃত আকার ধারণ করে।

সতীর্থকে ধাক্কা খেতে দেখে স্পেনের তরুণ মিডফিল্ডার গাভিও এগিয়ে আসেন। তিনি পারেদেসকে ধাক্কা দিলে পারেদেসও পাল্টা প্রতিক্রিয়া দেখান। কয়েক সেকেন্ডের মধ্যেই দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়।

এ সময় আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে শক্তভাবে জাপটে ধরে মাটিতে ফেলে দেন। গাভি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও পরিস্থিতি শান্ত হয়নি। অভিযোগ অনুযায়ী, পারেদেস আবারও গাভিকে ধাক্কা দিয়ে দ্বিতীয়বারের মতো মাটিতে ফেলে দেন। এতে মাঠজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং দুই দলের খেলোয়াড়রা একে অপরকে ঘিরে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তখন স্পেনের স্ট্রাইকার বোর্হা ইগলেসিয়াস দ্রুত ঘটনাস্থলে এসে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর দুই দলের কোচিং স্টাফ, কর্মকর্তা এবং অভিজ্ঞ খেলোয়াড়রা মাঠে নেমে উভয় পক্ষকে শান্ত করার উদ্যোগ নেন। তাদের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।

ম্যাচ-পরবর্তী এই সংঘর্ষের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফুটবলপ্রেমীদের মধ্যে ঘটনাটি নিয়ে চলছে নানা আলোচনা। তবে এ বিষয়ে এখনো আয়োজক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক সিদ্ধান্ত জানানো হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার