বিজ্ঞাপন
কোন মন্ত্রে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন, জানালেন রদ্রি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:৪৪ এএম
বিজ্ঞাপন
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাসও গড়েছে স্পেন। অতিরিক্ত সময়ে ১-০ গোলের জয়ে শুধু দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নই হয়নি তারা, টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ভেঙে দিয়েছে ইতালির ৩৭ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডও।
ঐতিহাসিক এই সাফল্যের পর উচ্ছ্বাস লুকাননি স্পেনের অধিনায়ক রদ্রি। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।
ম্যাচ শেষে রদ্রি বলেন, ‘আমি এই দলের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমরা বিশ্বচ্যাম্পিয়ন—এটা এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে কঠিন আসর। প্রতিপক্ষের দলে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ছিল, কিন্তু আমরা নিজেদের ফুটবলে বিশ্বাস রেখেছি। আজ আমরা ট্রফি জিতেছি, পাশাপাশি রেকর্ডও গড়েছি।’
ফাইনালে আর্জেন্টিনাকে কার্যত কোনো বড় সুযোগই তৈরি করতে দেয়নি স্পেন। সেই আধিপত্যের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে রদ্রি বলেন, ‘আমাদের দলের সবচেয়ে বড় শক্তি হলো সাহস। প্রতিপক্ষ কে, সেটা আমরা ভাবি না। আমরা সব সময় নিজেদের খেলাটাই খেলতে চাই এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করি। ফুটবলে সাহস দেখাতে হয়, আর সাহসেরই শেষ পর্যন্ত পুরস্কার মেলে।’
এই সাফল্যের পেছনে নিজের ব্যক্তিগত লড়াইয়ের কথাও তুলে ধরেন স্প্যানিশ অধিনায়ক। এসিএল চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটানোর পর আবারও বিশ্বমঞ্চে ফিরে আসার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘জীবনে এমন সময় আসে, যখন মনে হয় সবকিছু হারিয়ে গেছে। আমি শীর্ষে উঠেছিলাম, এরপর চোট আমাকে অনেক নিচে নামিয়ে দেয়। কিন্তু কঠোর পরিশ্রম, ধৈর্য ও বিশ্বাস আমাকে আবার ফিরিয়ে এনেছে। আমি চাই মানুষ বুঝুক, প্রতিকূলতা জয় করা সম্ভব। স্পেনের মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, সেটাই আমাকে সামনে এগিয়ে যেতে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে।’