বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হুলিয়ান আলভারেজ এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন বিশ্বকাপের মঞ্চে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের লক্ষ্য একটাই—দেশকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া। তবে তার ভবিষ্যৎ নিয়ে ক্লাব পর্যায়ে চলছে জোর আলোচনা। আলভারেজকে দলে নিতে সক্রিয় বার্সেলোনা দ্রুত সমাধান চায়।
আতলেতিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকারকে দলে ভেড়ানোর গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছেন, আলভারেজকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাব, কিন্তু একই সঙ্গে বিকল্প খেলোয়াড়ের কথাও ভাবা হচ্ছে।
কাতালান ক্লাবটি আলভারেজের জন্য বড় অঙ্কের প্রস্তাব দিলেও আতলেতিকো মাদ্রিদ এখনো নিজেদের অবস্থান থেকে সরেনি। তাদের বক্তব্য, আর্জেন্টাইন ফরোয়ার্ড বিক্রির জন্য নয়। এ অবস্থায় বার্সেলোনা সভাপতি জানিয়েছেন, বিষয়টি অনির্দিষ্ট সময় ধরে ঝুলিয়ে রাখতে চান না তারা।
আলভারেজের ইচ্ছার বিষয়টিও উল্লেখ করেছেন বার্সা সভাপতি। তিনি বলেন, ‘খেলোয়াড় নিজেই নিজের অবস্থান প্রকাশ করেছে। এ কারণেই বিষয়টি এখনো আলোচনায় রয়েছে। এটা পরিষ্কার যে সে নিজের পরিবেশ পরিবর্তন করতে চায় এবং আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত। এখন দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যায়।’
লাপোর্তা আরও জানান, আলভারেজের দলবদল শেষ পর্যন্ত সফল না হলে বার্সেলোনার কাছে বিকল্প পরিকল্পনা রয়েছে।
গ্রীষ্মকালীন দলবদলের পুরো সময়জুড়েই আলভারেজকে ঘিরে আলোচনা ছিল তুঙ্গে। বিশ্বকাপ শেষ হওয়ার পর এই দলবদল নাটকের ভবিষ্যৎ নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।