Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

চারবারের ভবিষ্যদ্বাণী মিলেছে, এবার যাদের বলছে ইএ স্পোর্টস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম

চারবারের ভবিষ্যদ্বাণী মিলেছে, এবার যাদের বলছে ইএ স্পোর্টস

বিজ্ঞাপন

২০২২ কাতার বিশ্বকাপ শুরুর আগে গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের একটি ভবিষ্যদ্বাণী বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তাদের কম্পিউটারভিত্তিক সিমুলেশন বলেছিল, বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত লিওনেল মেসিদের শিরোপা জয়ে সেই পূর্বাভাস হুবহু মিলে যায়। এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে আবারও আলোচনায় এসেছে ইএ স্পোর্টসের নতুন পূর্বাভাস। তাদের হিসাব-নিকাশ বলছে, এবারের বিশ্বকাপের ট্রফি উঠতে পারে স্পেনের হাতে।

এরই মধ্যে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন ও আর্জেন্টিনা। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে তাদের প্রতিপক্ষ হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ইএ স্পোর্টসের পূর্বাভাস সত্যি হলে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে স্পেন। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম ও একমাত্রবারের মতো শিরোপা জিতেছিল স্প্যানিশরা। অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে আর্জেন্টিনার।

ইএ স্পোর্টসের এমন পূর্বাভাসকে গুরুত্ব দেয়ার পেছনে রয়েছে তাদের সাম্প্রতিক সাফল্য। গত চারটি বিশ্বকাপেই প্রতিষ্ঠানটির ভবিষ্যদ্বাণী বাস্তবে মিলেছে। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে আগেভাগেই পূর্বাভাস দিয়েছিল তারা। চারবারই শেষ পর্যন্ত সেই দলগুলোই বিশ্বকাপ জেতে।

সবশেষ ২০০৬ বিশ্বকাপে তাদের পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছিল। সে সময় ইএ স্পোর্টস চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখালেও দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর থেকে টানা চারটি বিশ্বকাপে তাদের পূর্বাভাস সঠিক হওয়ায় এবারের ভবিষ্যদ্বাণীও ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে শেষ কথা বলবে মাঠের লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে, আর স্পেন চাইবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিততে। দুই দলের বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) রাত ১টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার