বিজ্ঞাপন
বিশ্বকাপ মিশন শেষে ছুটিতে নেইমার, কিনলেন ২৩ মিলিয়নের ইয়ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম
বিজ্ঞাপন
নৌযান বিষয়ক তথ্যের বিশেষজ্ঞ নাদিনহো মারিনহেইরোর মতে, ২৩ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ইয়টটি এরই মধ্যে ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের আনগ্রা দোস রেইসে নোঙর করা হয়েছে। ৩৪ বছর বয়সী নেইমার এবং তার পরিবারের ছুটি কাটানোর অন্যতম প্রিয় জায়গা এটি।
রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরির কারণে এ আসরে নিজেকে তেমন একটা মেলে ধরতে পারেননি নেইমার জুনিয়র। এমনকি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দেন তিনি।
ক্যারিয়ারের এ সময়টা খুব একটা ভালো যাচ্ছে না নেইমারের। তাই হয়তো সব ছেড়ে কয়েকটা দিন বিশ্রামে কাটাচ্ছেন তিনি। তবে এর মধ্যেই নতুন এক বিলাসবহুল সুপার ইয়ট নিজের সংগ্রহে যুক্ত করেছেন। ইয়টটির নাম তিনি নিজের নামের আদ্যক্ষরের (এনজে) সঙ্গে মিলিয়ে রেখেছেন ‘এনেজোতা’।
নৌযান বিষয়ক তথ্যের বিশেষজ্ঞ নাদিনহো মারিনহেইরোর মতে, ২৩ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ইয়টটি এরই মধ্যে ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের আনগ্রা দোস রেইসে নোঙর করা হয়েছে। ৩৪ বছর বয়সী নেইমার এবং তার পরিবারের ছুটি কাটানোর অন্যতম প্রিয় জায়গা এটি।
তিনি জানান, বিলাসবহুল এ জলযান লম্বায় ৪৬ মিটার এবং এর ব্যবহারযোগ্য আয়তন প্রায় ৮০০ বর্গমিটার। এর ভেতরে রয়েছে ছয়টি স্যুট (বিলাসবহুল কক্ষ), বেশ কিছু ব্যক্তিগত বিনোদন কেন্দ্র। সেইসঙ্গে ওপরের ডেকে একটি হেলিপ্যাডও রয়েছে। ১ হাজার ৪৫০ হর্সপাওয়ার ক্ষমতার চারটি ইঞ্জিনের কল্যাণে এটি প্রতি ঘণ্টায় ৩৭ কিলোমিটার গতিতে ছুটতে পারে।
মজার বিষয় হলো, ‘এনেজোতা’ একেবারে নতুন করে তৈরি করা হয়নি। ব্রাজিলের 'নাউতিকা' ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ‘জেএকিউ এইচ১’ নামের একটি পুরনো ও ভারী মালবাহী জাহাজ থেকে এটি তৈরি করা হয়েছে। ফলে এর নকশায় যেমন দীর্ঘ সমুদ্রযাত্রার জন্য দারুণ মজবুত কাঠামো রয়েছে, তেমনি রয়েছে একটি প্রথম শ্রেণীর জাহাজের সব সুবিধা ও জাঁকজমক।
নতুন এ শখের ইয়ট কেনার মাধ্যমে বার্সেলোনা ও পিএসজির সাবেক এ তারকা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির সেই গুটিকয়েক তারকাদের তালিকায় নাম লেখালেন—যাদের নিজস্ব সুপারইয়ট রয়েছে; যেমন ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডেভিড বেকহ্যাম।
ব্রাজিলিয়ান এ তারকার দামি সম্পদ কেনার ঘটনা এটিই প্রথম নয়। তার ব্যক্তিগত সম্পদের তালিকায় রয়েছে নিজস্ব প্রাইভেট জেটের বিশেষ বহর এবং বিলাসবহুল সব গাড়ি- যার মধ্যে হুবহু ব্যাটমোবাইলের মতো দেখতে একটি গাড়িও রয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্পত্তি এবং নামী ব্র্যান্ডের সব ঘড়ির সংগ্রহ।