বিজ্ঞাপন
ফিফাকে চিঠি, আর্জেন্টাইন ফুটবলারদের ফাইনালে নিষিদ্ধের দাবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
বিজ্ঞাপন
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠার পর বিতর্কিত ব্যানার নিয়ে উদ্যাপন করায় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারকে নিষিদ্ধ করার দাবি উঠেছে ব্রিটেনে। স্পেনের বিপক্ষে আগামী রোববারের ফাইনালে সংশ্লিষ্ট খেলোয়াড়দের খেলতে না দেওয়ার অনুরোধ জানিয়ে ফিফাকে চিঠি দিয়েছেন ব্রিটেনের লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি।
আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ লেখা একটি ব্যানার দেখা যায়। বাংলায় যার অর্থ, ‘মালভিনাস আর্জেন্টিনার’। দ্বীপপুঞ্জটি ব্রিটেনে ফকল্যান্ড এবং আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত।
প্রকাশিত ছবিতে ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসোকে ব্যানারটি ধরে থাকতে দেখা গেছে। ম্যাচের পর লিয়ান্দ্রো পারেদেসও এক সাক্ষাৎকারে দ্বীপপুঞ্জটি সবসময় আর্জেন্টিনার থাকবে বলে মন্তব্য করেন।
রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন ফিফার প্রতিযোগিতা আইনের ৩৪.৩ ধারায় নিষিদ্ধ। এই নিয়মের কথা উল্লেখ করেই সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডেভি।
২০২৪ ইউরো জয়ের উদ্যাপনে ‘জিব্রাল্টার স্পেনের’ স্লোগান দেওয়ায় স্পেনের রদ্রি ও আলভারো মোরাতাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছিল উয়েফা। সেই ঘটনার উদাহরণ টেনে ডেভি বলেছেন, একই ধরনের অপরাধের জন্য আর্জেন্টিনার খেলোয়াড়দেরও বিশ্বকাপ ফাইনালে নিষিদ্ধ করা উচিত।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দপ্তরও ঘটনাটির তদন্তের দাবিকে সমর্থন করেছে। প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র বলেন, বিশ্বকাপ তাদের না হলেও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই তাদের। ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী পিটার কাইল ঘটনাটিকে সম্পূর্ণ অনুপযুক্ত উল্লেখ করে ফিফার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।
তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত বা কোনো খেলোয়াড়ের শাস্তির ঘোষণা দেয়নি ফিফা। ২০১৪ সালেও একই বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করা হয়েছিল। ফলে এবার দল বা ফেডারেশনকে আর্থিক শাস্তি দেওয়া হতে পারে। তবে খেলোয়াড়দের ফাইনালে নিষিদ্ধ করার বিষয়টি এখনও কেবল ব্রিটিশ রাজনীতিকের দাবি।
আগামী রোববার নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সোমবার ভোরে।