Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আর্জেন্টিনা ম্যাচে ফিফার নিয়ম ভেঙেও শাস্তি পাননি ইংলিশ ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম

আর্জেন্টিনা ম্যাচে ফিফার নিয়ম ভেঙেও শাস্তি পাননি ইংলিশ ফুটবলার

বিজ্ঞাপন

আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের ২-১ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ডেক্লান রাইসের এক বিতর্কিত আচরণ। ম্যাচ চলাকালীন ফিফার নতুন এক কঠোর নিয়ম ভঙ্গ করেও কোনো শাস্তির মুখে পড়তে হয়নি এই ইংলিশ মিডফিল্ডারকে।

সম্প্রতি ফিফা এবং ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) খেলোয়াড়দের মাঠের আচরণ স্বচ্ছ করতে একটি নতুন নিয়ম কার্যকর করেছে। নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা বা আক্রমণাত্মক আলোচনার সময় কোনো খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেন, তবে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। নিয়ম অনুযায়ী এমন আচরণের জন্য সরাসরি লাল কার্ড পর্যন্ত দেখানোর সুযোগ রয়েছে।

ম্যাচের প্রথমার্ধে এলিয়ট অ্যান্ডারসন ফাউলের শিকার হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দিকে তেড়ে যান ডেক্লান রাইস। সেই সময় তিনি হাত দিয়ে নিজের মুখ আড়াল করে মেসির সঙ্গে তর্কে লিপ্ত হন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, এটি ছিল সরাসরি আইন লঙ্ঘন।

ফিফার নতুন নিয়মটি স্পষ্ট হলেও, মাঠের রেফারি এবং ম্যাচ কর্মকর্তারা সেই মুহূর্তে রাইসের এই আচরণটি লক্ষ্য করতে পারেননি। ফলে আর্সেনালের এই মিডফিল্ডার বড় শাস্তির হাত থেকে বেঁচে যান। তবে বিশ্বকাপের মতো এমন বড় মঞ্চে রেফারির নজর এড়িয়ে যাওয়া নিয়ে ফুটবলপাড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।

এই বিতর্কের মধ্যেই হাইভোল্টেজ এই ম্যাচের ফল নির্ধারিত হয় মাঠের খেলায়। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর বদলি নামা লাউতারো মার্টিনেজ যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে ফাইনালে তুলে দেন।

সাম্প্রতিক সময়ে মাঠে বর্ণবাদী মন্তব্য বা সমকামিতাবিদ্বেষী আচরণের মতো অভিযোগের সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ছিল। বিশেষ করে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ানি ও রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যকার ঘটনার পর দেখা গিয়েছিল, মুখ ঢেকে কথা বলার কারণে ভিডিও ফুটেজ থেকে প্রকৃত বক্তব্য উদ্ধার করা সম্ভব হয়নি। তাই তদন্ত প্রক্রিয়া সহজ করতে এবং মাঠের শৃঙ্খলা বজায় রাখতে ফিফা এই নতুন নিয়মটি চালু করেছে।

রাইসের এই ঘটনার পর প্রশ্ন উঠেছে—বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এই নিয়মগুলো কি কেবল নামেই থাকছে, নাকি মাঠের কর্মকর্তাদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন ছিল? বিষয়টি নিয়ে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, ফুটবলপ্রেমীরা রেফারির সিদ্ধান্তহীনতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার