Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ফাইনাল ম্যাচ নিয়ে সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর পূর্বাভাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

ফাইনাল ম্যাচ নিয়ে সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর পূর্বাভাস

বিজ্ঞাপন

ফুটবল বিশ্বের চোখ এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপসেরা ও কোপা আমেরিকা জয়ী দুই দল। আর্জেন্টিনা ও স্পেনের এই ব্লকবাস্টার ফাইনালের আগে কে জিতবে শিরোপা? তা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আর এই উত্তেজনার মাঝে ডাটা অ্যানালাইসিস প্রযুক্তি ‘অপটা সুপারকম্পিউটার’ হাজির করেছে তাদের গাণিতিক পূর্বাভাস।

সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে শিরোপা ঘরে তোলার দৌড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে ইউরোপের পরাশক্তি স্পেন। তাদের জয়লাভের সম্ভাবনা ৪৫.১ শতাংশ। অন্যদিকে, লিওনেল মেসির আর্জেন্টিনা নির্ধারিত সময়ে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার সম্ভাবনা দেখছে ২৯.৪ শতাংশ। তবে ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বেশ ভারসাম্যপূর্ণ। এখন পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে আর্জেন্টিনা ও স্পেন—উভয়েই জিতেছে ৬টি করে ম্যাচ। বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে অতীতে মাত্র একবারই দেখা হয়েছিল তাদের, যার স্মৃতি এতই প্রাচীন যে বর্তমান স্কোয়াডের কোনো খেলোয়াড়েরই তখন জন্ম হয়নি। ১৯৬৬ বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। 

সুপারকম্পিউটারের এই পূর্বাভাস নিয়ে অবশ্য ফুটবল ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সুপারকম্পিউটারের বেশিরভাগ প্রেডিকশন নির্ভুল থাকলেও, সেমিফাইনালের ক্ষেত্রে তার কোনোটিই মেলেনি। ফলে আর্জেন্টিনা সমর্থকরা আশায় বুক বাঁধছেন যে, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত সুপারকম্পিউটারের হিসেব বদলে দেবে।

ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় ট্রফি ঘরে তোলার মিশনে স্পেন। একদিকে মেসির শেষ বিশ্বকাপ জয়ের কাব্যিক সমাপ্তি, অন্যদিকে তরুণ স্প্যানিশদের অদম্য ছন্দ—সব মিলিয়ে ১৯ জুলাইয়ের রাত ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক রূপকথার সাক্ষী।

ফুটবল মাঠে হিসেব-নিকেশের চেয়েও অনেক সময় আবেগ ও অদম্য জেদ বড় ভূমিকা রাখে। সুপারকম্পিউটার যাই বলুক, মেটলাইফ স্টেডিয়ামে শেষ হাসি কে হাসবে, তা দেখার জন্য বিশ্ববাসীর অপেক্ষা এখন মাত্র কয়েকটা দিনের।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার