Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

নিজেদের রক্ষণাত্মক কৌশলেই ধরা খেল ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

নিজেদের রক্ষণাত্মক কৌশলেই ধরা খেল ইংল্যান্ড

বিজ্ঞাপন

ইতিহাস যেন এক নিষ্ঠুর নিয়মে আবারও ফিরে এলো ইংল্যান্ডের জন্য। বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে, আটলান্টার মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও মাত্র কয়েক মিনিটের ব্যবধানে স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ হতে দেখল থ্রি লায়ন্সরা। অথচ ম্যাচের সিংহভাগ সময় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ইংলিশরা। 

ম্যাচের প্রথমার্ধ ছিল চরম উত্তেজনা এবং শারীরিক শক্তিমত্তার এক ধ্রুপদী লড়াই। দুই দলই রক্ষণভাগ নিশ্ছিদ্র রাখায় গোলমুখে সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, প্রথমার্ধে ইংল্যান্ডের এক্সপেক্টেড গোলস ছিল মাত্র ০.০৫ এবং আর্জেন্টিনার ছিল ০.০৩।

তবে দ্বিতীয়ার্ধেই খেলায় প্রাণ ফেরে। ৫৫তম মিনিটে মর্গান রজার্সের চমৎকার এক ক্রস থেকে দারুণ এক গোল করে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অ্যান্থনি গর্ডন—যিনি বিশ্বকাপ শেষেই স্প্যানিশ লা লিগা জায়ান্ট এফসি বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন। গর্ডনের এই গোলের সঙ্গে সঙ্গেই পুরো স্টেডিয়াম মেতে ওঠে বুনো উল্লাসে। 

এক গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা তাদের কৌশল নিয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল। ইংল্যান্ডের প্রতি-আক্রমণের গতি সম্পর্কে সচেতন থাকায় আলবিসেলেস্তেরা সরাসরি অলআউট আক্রমণে যাওয়ার সাহস পাচ্ছিল না। বিশেষ করে আর্জেন্টিনার দুই সেন্ট্রাল ডিফেন্ডার—লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো—উভয়েই হলুদ কার্ডের ঝুঁকিতে থাকায় তারা ইংলিশ ফরোয়ার্ডদের কাছাকাছি গিয়ে চ্যালেঞ্জ করতে পারছিলেন না। আরেকটি অসতর্ক ফাউল মানেই ছিল লাল কার্ডের আশঙ্কা, যা আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর পথ চিরতরে বন্ধ করে দিতে পারত। 

আরও পড়ুন
কিন্তু আর্জেন্টিনার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যবধান বাড়ানোর পরিবর্তে ইংল্যান্ড নিজেই নিজেদের ধ্বংস ডেকে আনে। ম্যানেজার থমাস টুখেল যেন ম্যাচের হ্যান্ডব্রেক টেনে ধরেন এবং একের পর এক আক্রমণভাগের খেলোয়াড় তুলে ডিফেন্ডার নামাতে শুরু করেন।  

৭২তম মিনিটে টুখেল এক অবিশ্বাস্য সিদ্ধান্তে দলের একমাত্র গোলদাতা অ্যান্থনি গর্ডনকে তুলে নিয়ে ডিফেন্ডার এজরিল কোনসাকে মাঠে নামান এবং দলকে রক্ষণাত্মক ৫-৪-১ ফর্মেশনে নিয়ে যান। 

হলুদ কার্ড দেখা আর্জেন্টাইন ডিফেন্ডারদের ওপর চাপ সৃষ্টি করার পরিবর্তে ইংল্যান্ড নিজেদের বক্সের সামনে বাস পার্ক করে আর্জেন্টিনার আক্রমণের ঢেউকে আমন্ত্রণ জানাতে শুরু করে। 

৮২তম মিনিটে টুখেল তার এই অতি-রক্ষণাত্মক কৌশলকে আরও দ্বিগুণ করেন। তিনি রিস জেমস এবং মাঝমাঠের প্রাণ ডেক্লান রাইসকে তুলে নিয়ে মাঠে নামান ড্যান বার্ন ও নিকো ওরাইলিকে। 

এর মাধ্যমেই ইংল্যান্ড পরিষ্কার বার্তা দেয় যে, তারা আক্রমণ করার মানসিকতা পুরোপুরি ছেড়ে দিয়েছে। 

আর বিশ্ব চ্যাম্পিয়নদের এভাবে মাঠে রাজত্ব করার সুযোগ দিলে তার মাশুল তো দিতেই হবে! ৮৫তম মিনিটে লিওনেল মেসির নেওয়া এক বুদ্ধিদীপ্ত শর্ট কর্নার থেকে বল পান ডি-বক্সের বাইরে সম্পূর্ণ অরক্ষিত থাকা এনজো ফার্নান্দেজ। ইংলিশ ডিফেন্ডারদের পিছু হটার সুযোগে যথেষ্ট সময় নিয়ে দূরপাল্লার এক দুর্দান্ত শটে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন তিনি। ম্যাচে ফেরে ১-১ সমতা।

এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২ মিনিট) ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে নিয়ে নেন মেসি। ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে দারুণ এক দৌড়ে বক্সের ভেতর চমৎকার ক্রস বাড়ান তিনি। সেখানে ইংলিশ ডিফেন্ডার জন স্টোন্স নিজের পজিশন হারালে লাফিয়ে উঠে হেডের সাহায্যে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

পরিসংখ্যানে ম্যাচের ব্যবধান 

অপটার তথ্য অনুযায়ী, ৫৫তম মিনিটে গর্ডনের গোল করার পর থেকে ৯২তম মিনিটে লাউতারোর জয়সূচক গোল করার মধ্যবর্তী সময়ে ইংল্যান্ডের পায়ে বলের দখল ছিল মাত্র ১২ শতাংশ! অর্থাৎ, ম্যাচের শেষ ৩৭ মিনিট ব্যবধানে ইংল্যান্ডের ওপর দিয়ে ছড়ি ঘুরিয়েছে আর্জেন্টিনা। 

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন বলেন, ‘১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমরা কেবল গোলটি ধরে রাখার চেষ্টা করেছি। এই স্তরের ফুটবলে যা মোটেও যথেষ্ট নয়।’ 

এই রোমাঞ্চকর জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে, আর অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এভাবে জয় বিলিয়ে দিয়ে ইংল্যান্ডকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে হবে ফ্রান্সের। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার