Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

যে কারণে বাতিল হলো ইয়ামালের দুর্দান্ত গোল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:২২ এএম

যে কারণে বাতিল হলো ইয়ামালের দুর্দান্ত গোল

বিজ্ঞাপন

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে আরও একবার নিজের সামর্থ্যের ঝলক দেখালেন লামিন ইয়ামাল। স্পেনের আক্রমণে শুরু থেকেই প্রাণবন্ত এই তরুণ উইঙ্গার বল জালেও পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের সূক্ষ্ম সিদ্ধান্তে শেষ পর্যন্ত গোলের আনন্দ পাওয়া হয়নি তার।

ডালাসে ম্যাচের ৬০তম মিনিটের ঘটনা। ডান প্রান্তে বল পেয়ে দ্রুতগতিতে ফ্রান্সের বক্সের দিকে এগিয়ে যান ইয়ামাল। প্রতিপক্ষের রক্ষণ সামলে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে বল পাঠান জালে। ইয়ামালের গোলের পর স্প্যানিশ খেলোয়াড় ও সমর্থকেরা ৩-০ ব্যবধানের উল্লাস শুরু করেছিলেন।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। সূক্ষ্ম ব্যবধানে নেয়া সিদ্ধান্তে তৃতীয় গোল পাওয়া হয়নি স্পেনের। একই সঙ্গে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার অস্বস্তি থেকেও তখন রক্ষা পায় ফ্রান্স।

গোলটি বাতিল হলেও ম্যাচে ইয়ামালের প্রভাব তাতে কমেনি। ফরাসি রক্ষণকে বারবার পরীক্ষায় ফেলেছেন স্পেনের এই তরুণ। গতি, বল নিয়ন্ত্রণ ও ড্রিবলিংয়ে ডান প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ গড়ে তুলেছেন তিনি। তাকে আটকাতে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে ফ্রান্সের রক্ষণভাগকে।

স্পেনের এগিয়ে যাওয়ার পেছনেও ছিল ইয়ামালের সরাসরি ভূমিকা। ম্যাচের ২২তম মিনিটে তার দ্রুতগতির মুভমেন্ট সামলাতে গিয়ে বক্সের ভেতর ফাউল করেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে। পেনাল্টি পায় স্পেন। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।

চলতি ২০২৬ বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন ইয়ামাল। গ্রুপ পর্ব থেকে নকআউট পর্ব প্রতিটি ধাপেই তার গতি, নিখুঁত পাস ও ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণের জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। টুর্নামেন্টে একটি গোল করার পাশাপাশি স্পেনের সেমিফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও সেই ধারাবাহিকতার ছাপ রেখেছেন ইয়ামাল। নিজের গোলটি অফসাইডে বাতিল হয়েছে, কিন্তু মাঠের পারফরম্যান্সে আলো কেড়েছেন ঠিকই। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের উপস্থিতির মধ্যেও ম্যাচের বড় একটা সময় আলোচনার কেন্দ্রে ছিলেন স্পেনের তরুণ এই উইঙ্গার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার