বিজ্ঞাপন
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে থাকছে একের পর এক চমক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:২৬ এএম
বিজ্ঞাপন
কাতারের তপ্ত গরমে লুসাইল স্টেডিয়ামে চার বছর আগে যে মহারণের পর্দা নেমেছিল, মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজতেকা স্টেডিয়ামে সেভাবেই ১১ জুন পর্দা উঠছিল দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ- ফুটবল বিশ্বকাপের। এবারের আসর ছিল আরও বড়, আরও বিস্তৃত, আরও বৈচিত্র্যময়। ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপের মানচিত্র পেয়েছে নতুন রূপ। তিন দেশের যৌথ আয়োজনে, ১৬টি ভেন্যুতে, ৩৯ দিনের মহাযজ্ঞে ফুটবল তার সবচেয়ে বর্ণিল উৎসবের মঞ্চ সাজিয়ে তুলেছিল।
দেখতে দেখতে সেই মহাযজ্ঞেও এখন বিদায়ের সুর বাজছে। জমকালো আয়োজনে বিশ্বকাপকে স্বাগত জানিয়েছিল আয়োজকরা। সেভাবেই চূড়ান্ত করেছে তার বিদায়ের ঘটা। ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামছে আগামী ১৯ জুলাই, রোববার।
ফাইনাল ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। যেখানে সঙ্গীত, সংস্কৃতি ও ফুটবলের এক অনন্য সমন্বয়ে উদযাপন করা হবে স্মরণীয় যাত্রা। ১৬টি আয়োজক শহরে অংশ নেওয়া ৪৮টি দলের অবিস্মরণীয় স্মৃতিগুলোকে তরতাজা করে তুলবে এই আয়োজন।
১৪ জুলাই, ফিফার ঘোষণা অনুযায়ী এবারের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী লরা পাউসিনি, নিকোল শেরজিঞ্জার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড। এছাড়া বিশেষ উপস্থিতি থাকবে হলিউড তারকা টম ক্রুজের।
ফাইনাল ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন এমি, গ্র্যামি, অস্কার ও টনি পুরস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। তার উপস্থিতি বিশ্বকাপ ফাইনালের আবহকে আরও রঙিন করে তুলবে বলে আশা করছে আয়োজকরা।
ফাইনালের এই আয়োজনের দায়িত্ব পেয়েছে বালিচ ওন্ডার স্টুডিও। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালনা কর্মকর্তা হেইমো শিরগি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানের মতোই সমাপনী অনুষ্ঠানও কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্বকাপের অনন্য যাত্রাকে পূর্ণতা দেবে। সঙ্গীত, সংস্কৃতি ও ফুটবলের সমন্বয়ে এটি হবে এক স্মরণীয় আয়োজন। যার পরই শুরু হবে বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের মহারণ।’
ফাইনাল দেখতে আসা দর্শকরা আগেভাগেই সমাপণী আয়োজন উপভোগ করতে পারবেন। সমাপনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। ফাইনাল শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে এই আয়োজন। এজন্য স্টডিয়ামের গেট খুলে দেওয়া হবে সকাল ১১টায়।
শুধু তারাই নন, ফিফা আরও কিছু চমকও রাখছে। আগামী কয়েক দিনের মধ্যে সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া আরও শিল্পী ও বিশেষ অতিথিদের নাম ঘোষণা করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।