Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মেসিকে নিয়ে চিন্তায় আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম

মেসিকে নিয়ে চিন্তায় আর্জেন্টিনা

বিজ্ঞাপন

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। টানা দুটি ম্যাচ অতিরিক্ত সময়ে খেলার পর দলের সর্বশেষ অনুশীলনে অংশ নেননি অধিনায়ক। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে–এর দাবি, এটি চোটের কারণে নয়; শারীরিক ধকল কাটিয়ে উঠতেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার মাঠে অনুশীলনের পরিবর্তে পুনরুদ্ধারমূলক কার্যক্রমে সময় কাটিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। কোচিং স্টাফের পরিকল্পনা ছিল, অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো কোয়ার্টার ফাইনালের পর তাঁকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়া।

নকআউট পর্বে আর্জেন্টিনার দুটি ম্যাচই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। শেষ-৩২ এ কেপ ভার্দে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে পুরো ১২০ মিনিট করে খেলেছেন মেসি। যা তার জন্য বাড়তি শারীরিক চাপ বলে মনে করা হচ্ছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে গোল না পেলেও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অবদান ছিল মেসির। আলেক্সিস মাক আলিস্তারের গোলে আক্রমণ তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি অতিরিক্ত সময় শুরুর আগে নিজেও গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। পরে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের দুটি গোলে ৩–১ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে পুরো দলের ক্লান্তির বিষয়টি স্বীকার করেন মেসি। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে নিজেদের সেরা অবস্থায় ফেরার বিষয়ে আশাবাদী আর্জেন্টিনা অধিনায়ক। তাঁর ভাষায়, ‘আমরা ক্লান্তি অনুভব করছি। তবে যতটা সম্ভব দ্রুত নিজেদের পুনরুদ্ধার করার চেষ্টা করব। সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। ফাইনালে জায়গা করে নিতে আমরা সর্বোচ্চটা উজাড় করে দেব।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার