বিজ্ঞাপন
৯২ বছরের যে ইতিহাস কথা বলছে আর্জেন্টিনার, এবার কী হবে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম
বিজ্ঞাপন
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ। এবার সেই ইতিহাসে যোগ হলো আরও কিছু নতুন কীর্তি। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একই সঙ্গে বিশ্বকাপের রেকর্ড বইয়েও নতুন করে নিজেদের নাম লিখিয়েছে লিওনেল স্কালোনির দল।
বিশ্বকাপ ইতিহাসে এবার সপ্তমবারের মতো শেষ চারে উঠেছে আর্জেন্টিনা। এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে শেষ চারে জায়গা করে নিয়েছিল আলবিসেলেস্তেরা। বিস্ময়কর ব্যাপার হলো, আগের ছয়বারই শেষ চারের বাধা পেরিয়ে ফাইনালে উঠেছিল তারা।
তবে বলে রাখা ভালো, ১৯৭৮ সালে আর্জেন্টিনা কোনো ‘সেমিফাইনাল’ জেতেনি। কারণ, সে আসরের প্রতিযোগিতা পদ্ধতিতে সেমিফাইনালই ছিল না। ওই বিশ্বকাপে ১৬টি দল অংশ নেয়। প্রথম রাউন্ড শেষে ৮টি দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হয় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ, সে আসরে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ছিল না। দ্বিতীয় রাউন্ডের দুই গ্রুপের শীর্ষ দল সরাসরি ফাইনালে ওঠে এবং দুই রানার্সআপ দল খেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেই নিয়মে দ্বিতীয় রাউন্ডের গ্রুপে শীর্ষে থেকে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা।
সে হিসাবে ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে সেমিফাইনালে আর্জেন্টিনার রেকর্ড এখনো শতভাগ। এবার সেই অজেয় যাত্রা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে। ফাইনালে ওঠার লড়াইয়ে স্কালোনির দলের প্রতিপক্ষ ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপের শেষ চার নিয়েও তৈরি হয়েছে বিরল এক ইতিহাস। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। র্যাঙ্কিংয়ের এক নম্বর দল আর্জেন্টিনার সঙ্গে শেষ চারে আছে দুই নম্বর স্পেন, তিন নম্বর ফ্রান্স ও চার নম্বর ইংল্যান্ড। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর বিশ্বকাপে এমন ঘটনা এবারই প্রথম।
সুইজারল্যান্ডের বিপক্ষে জয়েও আরেকটি রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুটি গোল করে জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে অতিরিক্ত সময়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে তাদের গোলসংখ্যা এখন ৯।
শুধু গোলের রেকর্ড নয়, অতিরিক্ত সময়ে ম্যাচ জয়ের হিসাবেও নতুন মাইলফলক ছুঁয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে অতিরিক্ত সময়ে এটি তাদের পঞ্চম জয়। টুর্নামেন্টের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় আর্জেন্টিনার সামনে আছে শুধু ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা অতিরিক্ত সময়ে জিতেছে ছয়টি ম্যাচ।
রেকর্ড আর ইতিহাস সঙ্গে নিয়েই এবার আরও একটি ফাইনালের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সামনে ইংল্যান্ডের কঠিন পরীক্ষা। তবে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের নিখুঁত অতীতই আত্মবিশ্বাস জোগাতে পারে স্কালোনির দলকে।