বিজ্ঞাপন
বিশ্বকাপে নতুন বিতর্ক ‘মিসটেকেন আইডেন্টিটি’, কী এই নিয়ম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম
বিজ্ঞাপন
বিশ্বকাপের মাঠে আবারও আলোচনার কেন্দ্রে রেফারিং ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। এবার বিতর্কের কেন্দ্রে ফিফার ‘মিসটেকেন আইডেন্টিটি’ বা ভুল খেলোয়াড়কে শাস্তি দেয়ার সিদ্ধান্ত সংশোধনের নিয়ম। বিশ্বকাপে প্রথমবার এই নিয়মের প্রয়োগে শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে।
ঘটনার শুরু আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখানো দিয়ে। এমবোলোকে ফাউল করার অভিযোগে পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো পারেদেসকে সতর্ক করেন। তবে মাঠের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হলে ঘটনাটি পর্যালোচনা করে ভিএআর।
ভিডিও রিপ্লেতে দেখা যায়, এমবোলোর সঙ্গে পারেদেসের কোনো সংস্পর্শই হয়নি। বরং প্রতিপক্ষের কাছ থেকে ফাউল আদায়ের চেষ্টায় মাটিতে পড়ে যান সুইস ফরোয়ার্ড। এরপরই সামনে আসে ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়ম।
ভিএআরের পরামর্শে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন রেফারি। পারেদেসের হলুদ কার্ড বাতিল করা হয়। একই ঘটনায় সিমুলেশন বা ডাইভ দেয়ার দায়ে হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে। কিন্তু ম্যাচে আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস ফরোয়ার্ডকে। সিদ্ধান্তের পর আবেগ ধরে রাখতে পারেননি এমবোলো। কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়েন তিনি।
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির নিয়ম অনুযায়ী, কোনো ঘটনায় রেফারি ভুল খেলোয়াড়কে শাস্তি দিলে ভিএআর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনায় হস্তক্ষেপ করতে পারে। ম্যাচের গতিপথ বদলে দিতে পারে এমন সিদ্ধান্তের ক্ষেত্রেই এই সুযোগ রাখা হয়েছে। এমনকি ঘটনাটিতে দুই ভিন্ন দলের খেলোয়াড় জড়িত থাকলেও ভুল শাস্তি সংশোধন করা সম্ভব।
সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিসের ব্যাখ্যায়ও উঠে এসেছে একই বিষয়। তার মতে, রেফারি শুরুতে ভুল খেলোয়াড়কে কার্ড দেখিয়েছিলেন বলেই ভিএআরের হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। আর রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করায় শেষ পর্যন্ত এমবোলোকেই এর দায় নিতে হয়েছে।
তবে ঘটনার আরেকটি দিকও আলোচনায় এসেছে। পারেদেসকে যদি শুরুতে হলুদ কার্ড দেখানো না হতো, তাহলে শুধু এমবোলোর ডাইভ দেয়ার ঘটনা পর্যালোচনায় ভিএআর হস্তক্ষেপ করতে পারত না। সে ক্ষেত্রে শাস্তি থেকে বেঁচে যেতে পারতেন সুইস ফরোয়ার্ড। অর্থাৎ রেফারির প্রাথমিক ভুল সিদ্ধান্তই শেষ পর্যন্ত এমবোলোর বিপক্ষে ভিএআর পর্যালোচনার পথ খুলে দেয়।
এই সিদ্ধান্ত অবশ্য সহজভাবে নিতে পারেনি সুইজারল্যান্ড শিবির। অধিনায়ক গ্রানিত জাকা ও কোচ মুরাত ইয়াকিনের দাবি, এমবোলোর লাল কার্ড ম্যাচে তাদের বড় ধরনের ক্ষতি করেছে এবং কার্যত লড়াই থেকে ছিটকে দিয়েছে। তবে ঘটনাটি কেন শাস্তিযোগ্য নয়, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি তারা।
বিশ্বকাপে প্রযুক্তি ও নতুন নিয়মের প্রয়োগ নিয়ে বিতর্ক নতুন নয়। তবে ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে প্রথম কোনো ফুটবলারের লাল কার্ড দেখার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে ঘটনাটি মনে করিয়ে দিয়েছে, মাঠে প্রতিপক্ষকে ফাঁকি দেয়ার একটি চেষ্টা ভিএআরের যুগে কখনো কখনো উল্টো নিজের দলের জন্যই বড় বিপদ ডেকে আনতে পারে।