বিজ্ঞাপন
২০৩০ বিশ্বকাপ আরও বড় করতে চায় ফিফা, ভাবনায় যত দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম
বিজ্ঞাপন
ফুটবলের সবচেয়ে বড় আসরকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৩২ দল থেকে ৪৮ দলে উন্নীত হওয়ার পর এবার ২০৩০ সালের বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, চলমান ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর ২০৩০ সালের বিশ্বকাপ ৬৪ দলের ফরম্যাটে আয়োজনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করা হবে। এক সুইস সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। এর আগে দীর্ঘদিন ধরে ৩২ দলের ফরম্যাটে আয়োজন করা হয়েছে ফুটবলের সর্বোচ্চ এই আসর।
বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের টুর্নামেন্ট হবে ব্যতিক্রমধর্মী। তিন মহাদেশের ছয়টি দেশে বসবে এই আসর। উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। বাকি ম্যাচগুলো হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে।
দক্ষিণ আমেরিকার ফুটবল কর্মকর্তাদের প্রস্তাবের পর থেকেই ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু হয়। এখন সেই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ফিফা।
ইনফান্তিনো বলেন, ‘বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, এটি পুরো বিশ্বের। প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার অধিকার রয়েছে।’
তিনি আরও বলেন, ছোট দেশগুলোকে সুযোগ না দিলে তাদের ফুটবলের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফুটবলের মান দ্রুত উন্নত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
৪৮ দলের বর্তমান ফরম্যাটকে ‘পুরোপুরি সফল’ বলে দাবি করেছেন ফিফা সভাপতি। তবে এ নিয়ে সমালোচনাও রয়েছে। ঘানার সাবেক কোচ কার্লোস কুইরোজসহ কয়েকজন অভিজ্ঞ ফুটবল ব্যক্তিত্বের মতে, দল বাড়ানোর ফলে বাছাইপর্বের গুরুত্ব কমেছে এবং টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক মান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবও উঠেছিল। তবে ব্যাপক বিতর্কের মুখে সেই পরিকল্পনা আর এগোয়নি।
ইনফান্তিনো আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। ট্রাম্প টেলিভিশনে প্রায় প্রতিটি ম্যাচ দেখছেন এবং টুর্নামেন্ট উপভোগ করছেন। ফাইনালেও তিনি উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।
ফিফা ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের সিদ্ধান্ত নিলে সেটিই হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চলমান বিশ্বকাপ শেষ হওয়ার পর।