বিজ্ঞাপন
নরওয়ে ম্যাচ: ড্রেসিংরুমে ফেলে যাওয়া আনচেলত্তির গোপন নথিতে কী ছিল?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম
বিজ্ঞাপন
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের ক্ষত এখনও দগদগে। ‘হেক্সা’ জয়ের স্বপ্নভঙ্গ হওয়ার পর এবার ড্রেসিংরুমে পাওয়া কোচ কার্লো আনচেলত্তির কিছু কৌশলগত নথি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জার্মান সংবাদমাধ্যম স্পোর্ট বিল্ডের দাবি, ড্রেসিংরুমে ফেলে যাওয়া সেই নথিতে নরওয়ের বিপক্ষে খেলার বিস্তারিত পরিকল্পনা ছিল, যা মাঠে কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ব্রাজিল।
ফাঁস হওয়া নথি থেকে জানা যায়, আনচেলত্তি নরওয়ের বিপক্ষে অত্যন্ত সতর্ক ছিলেন এবং টাইব্রেকারের প্রস্তুতিও ছিল তার পরিকল্পনার অংশ। নরওয়ের সম্ভাব্য পেনাল্টি শুটারদের খেলার ধরণ, তারা গোলপোস্টের কোন দিকে শট নিতে পছন্দ করেন এবং কোন পায়ে বেশি স্বাচ্ছন্দ্য—সবই নথিতে বিস্তারিত ছিল। এছাড়া নরওয়ের গোলরক্ষক আরিয়ান নেলান্দের পেনাল্টি ঠেকানোর কৌশলের ওপর আলাদাভাবে কাজ করেছিলেন কোচিং স্টাফরা।
ফাঁস হওয়া নথিতে আরও দেখা গেছে, নরওয়ের আক্রমণ ঠেকাতে আলাদা পরিকল্পনা করেছিলেন ব্রাজিলের কোচিং স্টাফ। কর্নার কিকের সময় কে কোন দায়িত্ব পালন করবে, তার বিস্তারিত ছকও ছিল সেখানে। সবচেয়ে আলোচিত বিষয় ছিল নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে আটকানোর পরিকল্পনা। কর্নারের সময় তাকে ম্যান-মার্ক করার দায়িত্ব দেওয়া হয়েছিল তরুণ ফরোয়ার্ড রায়ানকে।
এত নিখুঁত পরিকল্পনা থাকার পরও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্রাজিল কোনোটিরই সঠিক প্রয়োগ করতে পারেনি। নথিতে পেনাল্টি নিয়ে এতো চুলচেরা বিশ্লেষণের পরেও ম্যাচের প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। নরওয়ের গোলরক্ষক আরিয়ান নেলান্দ সহজেই তার শট রুখে দেন।
বিশ্লেষকদের মতে, পরিকল্পনা থাকলেও মাঠের স্নায়ুচাপ বা কৌশলগত বাস্তবায়নের অভাবই ব্রাজিলকে ১৯৯০ সালের পর বিশ্বকাপে সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি করেছে। এখন প্রশ্ন উঠছে, আনচেলত্তির এই খাতা কি কেবলই কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল, নাকি খেলোয়াড়রা মাঠের ভেতরে সেই নির্দেশনার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন?