Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কী ঘটেছিল?

ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম

ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে ফিফার নতুন ‘মিস্টেকেন আইডেন্টিটি’ (ভুল পরিচয়) নিয়মের কারণে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলো। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ভিএআর-এর সহায়তায় রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করলে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ঘটনাটি নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ম্যাচের প্রথমার্ধেই একটি হলুদ কার্ড দেখেছিলেন এমবোলো। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে সংঘর্ষের পর প্রথমে পারেদেসকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখান রেফারি জোয়াও পিনেইরো। তবে পরে তিনি মনিটরে গিয়ে ঘটনাটি পুনরায় পর্যবেক্ষণ করেন। রিপ্লে দেখে রেফারি সিদ্ধান্তে পৌঁছান যে, পারেদেস কোনো ফাউল করেননি; বরং এমবোলো ডাইভ দিয়েছেন। ফলে পারেদেসের কার্ড বাতিল করে এমবোলোকে সিমুলেশনের জন্য হলুদ কার্ড দেখানো হয়। এটি ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড, যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

লাল কার্ডের সময় ম্যাচে সমতা ফিরিয়ে আনার মাত্র পাঁচ মিনিট পেরিয়েছিল সুইজারল্যান্ড। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। সতীর্থরা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন।

ম্যাচ শেষে সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন সিদ্ধান্তটির তীব্র সমালোচনা করেন। তার ভাষায়, এই পরিস্থিতিতে হলুদ কার্ড দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। তিনি বলেন, অপ্রয়োজনীয় ভিএআর-এর হস্তক্ষেপ তাদের ম্যাচের গতিপথ বদলে দিয়েছে এবং নতুন নিয়মটি ফুটবলের স্বাভাবিক ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অন্যদিকে টেলিভিশন বিশ্লেষকদের অনেকেই এমবোলোর প্রতি সহানুভূতি দেখাননি। সাবেক ইংলিশ ফুটবলার ব্র্যাডলি রাইট-ফিলিপসের মতে, এমবোলো নিজের ভুলেই দলকে বিপদে ফেলেছেন এবং সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নষ্ট করেছেন। সাবেক জ্যামাইকা আন্তর্জাতিক জোবি ম্যাকঅ্যানাফও বলেন, এটি স্পষ্ট সিমুলেশন ছিল, যদিও এমবোলোর জন্য কিছুটা খারাপও লেগেছে।

একজন কম নিয়ে খেলেও সুইজারল্যান্ড লড়াই চালিয়ে যায়। তবে অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সুযোগ পায়।

চলতি বিশ্বকাপে ফিফা বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে। এর মধ্যে অন্যতম হলো ‘মিস্টেকেন আইডেন্টিটি’ বা ভুল পরিচয় সংশোধনের নিয়ম। এই নিয়ম অনুযায়ী, যদি রেফারি ভুল করে কোনো খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখান এবং ভিএআর-এর মাধ্যমে প্রমাণিত হয় যে অপরাধটি অন্য খেলোয়াড় করেছেন, তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে। এমবোলোর ঘটনায় এই নিয়ম প্রথমবারের মতো লাল কার্ডের ক্ষেত্রে প্রয়োগ করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিমের ক্ষেত্রেও একই নিয়ম ব্যবহার করা হয়েছিল। প্রথমে তাকে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর পর্যালোচনার পর সেই কার্ড বাতিল করে প্যারাগুয়ের ফরোয়ার্ড মিগুয়েল আলমিরনকে সিমুলেশনের জন্য সতর্ক করা হয়।

প্রতিবেদন: বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার