বিজ্ঞাপন
মাঠেই রেফারিকে মেসির কড়া বার্তা, ‘ঠিকভাবে কথা বলুন’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
বিজ্ঞাপন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের লড়াই ছিল উত্তেজনায় ঠাসা। অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ৩-১ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে ম্যাচের ফল ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে মেসি ও রেফারির মধ্যকার একটি মুহূর্ত।
প্রথমার্ধে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনহেইরোর সঙ্গে মেসির কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রেফারির কথা বলার ভঙ্গি পছন্দ না হওয়ায় সরাসরি আপত্তি জানান আর্জেন্টিনা অধিনায়ক।
ঘটনাটি সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের আগে। আর্জেন্টিনার রক্ষণ দেয়ালে দাঁড়িয়ে থাকা মেসিকে নির্ধারিত দূরত্বে সরে যেতে বলেন রেফারি। তবে নির্দেশ দেওয়ার সুর ও ভঙ্গিতে অসন্তুষ্ট হন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।
টেলিভিশন ক্যামেরায় মেসিকে রেফারির উদ্দেশে বলতে দেখা যায়, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’
ফ্রি কিকের পরও দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। ঠোঁটের নড়াচড়া বিশ্লেষণ করে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেসি বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেছি। আপনিও আমার সঙ্গে একইভাবে কথা বলুন।’
তবে পুরো ঘটনায় মেসিকে শান্তই দেখা গেছে। উত্তেজিত কিংবা আগ্রাসী না হয়ে ধীরস্থিরভাবে নিজের আপত্তির কথা জানান তিনি। রেফারিও এ ঘটনায় কোনো কার্ড দেখাননি বা শাস্তিমূলক ব্যবস্থা নেননি।
৩৮ বছর বয়সী জোয়াও পেদ্রো পিনহেইরো ইউরোপের উদীয়মান রেফারিদের একজন। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেকের পরের বছরই ফিফার আন্তর্জাতিক ব্যাজ পান তিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও ২০২৫ উয়েফা সুপার কাপসহ বড় মঞ্চে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।
সেই অভিজ্ঞতার সুবাদেই ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পেয়েছেন পিনহেইরো। তবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ শেষে এখন তার সঙ্গে মেসির সেই ছোট্ট কথোপকথনই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।